জাহাজ না চালানোর কর্মসূচি অব্যাহত
জাহাজ না চালানোর কর্মসূচি অব্যাহত রাখলেন মালিকেরা। আজ রোববার নৌযান-মালিকদের সংগঠন বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে বিকেলে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি খোরশেদ আলম বলেন, শ্রমিকদের মজুরি যৌক্তিক পর্যায়ে নামিয়ে না আনা পর্যন্ত জাহাজ চালাবেন না। সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে সংগঠনের চার শতাধিক সদস্য অংশ নেন।
মজুরি বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে ২০ এপ্রিল রাত ১২টা থেকে শুরু হওয়া নৌযানশ্রমিকদের ধর্মঘট গত মঙ্গলবার রাত ১০টায় স্থগিত করা হয়। এর আগে ওই দিন দুপুরে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে সচিবালয়ে আন্দোলনরত শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। এতে ‘ক’ শ্রেণির নৌযানের শ্রমিকদের সর্বনিম্ন ধাপের মজুরি সাত হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকায় উন্নীত করার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের কথা মন্ত্রী জানানোর পর ধর্মঘট কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন শ্রমিকনেতারা।
তবে নৌযান-মালিকদের প্রতিনিধিরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে পরের দিন বুধবার থেকে ‘জাহাজ না চালানোর’ কর্মসূচি শুরু করেন।