জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের অনুমতি ছাড়া জাহাজ ভাঙা ইয়ার্ড স্থাপন করলে দুই বছরের জেল ও সর্বোচ্চ ৩০ লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বিল-২০১৮’ জাতীয় সংসদে পাস হয়েছে।

বুধবার বিলটি পাসের জন্য সংসদে তোলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিলের ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তির পর কণ্ঠভোটে তা পাস হয়।

নতুন আইন অনুযায়ী, অনাপত্তি সনদ ছাড়া পুনঃপ্রক্রিয়াজাতকরণের জন্য জাহাজ আমদানি বা স্থানীয়ভাবে সংগ্রহ করলে সর্বোচ্চ দুই বছরের জেল ও ১০ লাখ থেকে ৩০ লাখ টাকা অর্থদণ্ড হবে। সরকারের অনুমতি নিয়ে ইয়ার্ড স্থাপন করতে হবে নির্দিষ্ট জোনে। এই ইয়ার্ডের মধ্যেই জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত করতে হবে। জাল সনদ দিয়ে কোনো সুবিধা নিলে কমপক্ষে ৫ লাখ ও সর্বোচ্চ ২০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে বিলে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে শিল্পমন্ত্রী আমির হোসেন বলেন, স্টিল মিলের কাঁচামালের চাহিদার সিংহভাগ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প থেকে মেটানো হয়। এ শিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা, উন্নত ও নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি, উপকূলীয় অঞ্চলের সামগ্রিক পরিবেশ সুসংহতকরণের লক্ষ্যে বিপজ্জনক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনাসহ এ শিল্পটি একটি আইনি কাঠামোর মধ্য দিয়ে পরিচালিত হওয়া আবশ্যক।