জাহাজ বিল্ডিং ফাঁকা, ঢুকতে পারছে না কেউ
স্বাভাবিক হয়ে এসেছে কল্যাণপুর ৫ নম্বর রোডসংলগ্ন ‘জাহাজ বিল্ডিং’ এলাকার চারপাশ। তবে জাহাজ বিল্ডিংয়ে ঢুকতে পারছে না বাড়ির বাসিন্দাসহ অন্যরা। ওই রাস্তা দিয়ে পথচারী চলাচল করলেও গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। জাহাজ বিল্ডিংসহ আশপাশে পুলিশ প্রহরা চলছে।
রাজধানীর জনবহুল এলাকা কল্যাণপুরের ৫ নম্বর রোডে গত সোমবার রাতভর অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানকার জাহাজ বিল্ডিংয়ে এক ঘণ্টার অভিযানে নয়জন নিহত ও একজন আহত হন। পুলিশ বলছে, তাঁরা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।
সরেজমিনে দেখা যায়, ঘটনার আশপাশের সব স্কুল খুলেছে। তবে জাহাজ বিল্ডিংয়ের পাশেই থাকা শিশু কল্যাণ কেজি অ্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলটি বন্ধ রয়েছে।
পাহারায় থাকা কনস্টেবল শাহিনুর রহমান বলেন, আগামী রোববার পর্যন্ত স্কুলটি বন্ধ থাকবে। কেন বন্ধ থাকবে, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে।
জাহাজ বিল্ডিংয়ের সামনে পাহারারত পুলিশের মধ্যে মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার রায় বলেন, ঊর্ধ্বতন মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে এ ভবনে আপাতত বাসিন্দাসহ কাউকেই ঢুকতে দেওয়া হবে না। সকাল থেকে তিনতলার দুজন ও নিচতলার একজন এসেছিল, তাদের ঢুকতে দেওয়া হয়নি। তাদের মিরপুর মডেল থানা থেকে অনুমোদন নিতে বলা হয়েছে। এখন বাড়িটি পুরোপুরি ফাঁকা। বাড়ির মালিক, কেয়ারটেকার সবাই পুলিশের হেফাজতে। অভিযানের পর বাসিন্দারা যারা বেরিয়েছিল, কেউ আর ঢুকতে পারেনি।
কল্যাণপুর প্রধান সড়ক ধরে কিছু দূর হাঁটলে ডান পাশে ৫ নম্বর সড়ক। এই সড়কের মাঝামাঝি অবস্থানে ছয়তলার একটি বিশাল ভবন। এর প্রধান ফটকে বাড়িটির নাম লেখা ‘তাজ মঞ্জিল’।