জাহাজ ভাঙা ইয়ার্ডে আট শ্রমিক দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় শীতল এন্টারপ্রাইজ নামের একটি জাহাজ ভাঙা ইয়ার্ডে গতকাল শনিবার আট শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার কারণ সম্পর্কে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। কারখানার শ্রমিক ও পুলিশ বলছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকেরা দগ্ধ হন। তবে কারখানা কর্তৃপক্ষ বলছে, গ্যাস সিলিন্ডার থেকে বের হওয়া গ্যাসে আগুন লেগে এ ঘটনা ঘটে।
এদিকে ইয়ার্ড কর্তৃপক্ষ সকালে দাবি করে দুর্ঘটনায় চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তবে বিকেলে স্বীকার করে দগ্ধ শ্রমিকের সংখ্যা আট। এ সম্পর্কে জানতে চাইলে ইয়ার্ডের ব্যবস্থাপক (প্রশাসন) আ ফ ম কাশেম বলেন, ‘শ্রমিকেরা আহত ব্যক্তিদের কোথায় নিয়ে গেছেন জানতাম না। তাই প্রথমে সঠিক সংখ্যা বলতে পারিনি।’
দগ্ধ শ্রমিকদের মধ্যে মোকসেদুল আলম (২৬), মো. নাদিম (২৫), আল আমিন (২০), মো. শাহজাহান (১২) ও খোকনকে (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
আবদুল মান্নান (২৪), আবদুর রউফ (২৫) ও পাশা শেখকে (৩২) নগরের এ কে খান মোড় এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেন, ওই তিনজনের শরীরের ২০ শতাংশের বেশি পুড়ে গেছে।
দগ্ধ শ্রমিক খোকনকেও প্রথমে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিকেলে তাঁকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
চমেক হাসপাতাল সূত্র জানায়, খোকনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। মোকসেদুলের শরীরের ৩০ শতাংশ এবং আল আমিন ও নাদিমের ২৪ শতাংশ করে দগ্ধ হয়েছে। শাহজাহানের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে।
চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের রেজিস্ট্রার রেজিনা ইসলাম বলেন, যাঁদের শরীরের ২০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে, তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধ হওয়া শ্রমিক মো. শাহজাহান বলেন, সকাল সাড়ে সাতটার দিকে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগে যায়।
সীতাকুণ্ড অঞ্চলের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, সিলিন্ডার বিস্ফোরণে ওই আটজন দগ্ধ হয়েছেন।
তবে শীতল এন্টারপ্রাইজের ব্যবস্থাপক (প্রশাসন) আ ফ ম কাশেম বলেন, শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার জন্য অফিসের পাশের একটি কক্ষে তৈরি হচ্ছিলেন। এ সময় হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। তিনি বলেন, কোনো কারণে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে যায়। এরপর কোনো শ্রমিক সিগারেটে আগুন ধরালে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকেরাও সঙ্গে ছিলেন।
মাহবুব আলম প্রথম আলোকে বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের দেখানো দুর্ঘটনাস্থল ঘুরে কোথাও আগুনের চিহ্ন দেখতে পাইনি। তারা আমাদের সঙ্গে লুকোচুরি করেছে।’ তিনি বলেন, শ্রমিকদের যতটুকু নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার দরকার ছিল তা করা হয়নি।