জাহাজ ভাঙার আগে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ
জাহাজ ভাঙার আগে পরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। শ্রমিকদের প্রশিক্ষণ ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে বিধিমালা দুই মাসের মধ্যে চূড়ান্ত করতে বলা হয়েছে। এ খাতে নিয়োজিত শ্রমিকদের তালিকা প্রস্তুত করে অনুলিপি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে সরবরাহ করতে নির্দেশ দেওয়া হয়েছে।জাহাজ ভাঙার প্রশ্নে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন আবেদনটি করেছিল। এর পরিপ্রেক্ষিতে আদালত জাহাজ আমদানির অনুমতি দেন। তবে ভাঙার আগে এসব শর্ত পূরণ করার কথা বলা হয়েছে।আদালত বলেছেন, জাহাজ ভাঙার জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করতে হবে। শ্রমিকদের প্রশিক্ষণ দিতে হবে। দুই পর্বের প্রশিক্ষণে ১৫ দিন তত্ত্বীয় ও দুই মাস ব্যবহারিক দিক থাকবে। শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন ওই প্রশিক্ষণের ব্যয় বহন করবে। প্রতিটি জাহাজ ভাঙার আগে গ্যাসমুক্ত করতে হবে। এসব বিষয় তদারকের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠিনের কথাও উল্লেখ করা হয়েছে।একই সঙ্গে আদালত ১৮ বছরের নিচে শ্রমিক হিসেবে কাউকে নিয়োগ দিতে নিষেধ করেছেন। আদালত সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ও ধ্বংসের জন্য ল্যান্ড ফিল্ড সাইট করতে নির্দেশ দেন। ভাঙার কার্যক্রম চলাকালে ইয়ার্ডে একজন করে মেরিন প্রকৌশলী রাখার কথাও উল্লেখ করা হয়েছে।আদালতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির পক্ষে আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, ইকবাল কবির, শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের পক্ষে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও আনিসুল হক মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।ইকবাল কবির প্রথম আলোকে বলেন, শ্রমিকদের প্রশিক্ষণের জন্য একটি ট্রেনিং ইনস্টিটিউট গঠন করার কথাও বলা হয়েছে। আইনগত ও একাডেমিক বিষয়ে বেলা ও নেবাল একাডেমিকে প্রশিক্ষণ ম্যানুয়েল তৈরি করে জমা দিতে বলা হয়েছে।বেলার করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ ডিসেম্বর আদালত জাহাজভাঙাশিল্পের ক্ষেত্রে ইতিপূর্বে দেওয়া হাইকোর্টের নির্দেশনা অনুসরণ না করা পর্যন্ত জাহাজ আমদানি বন্ধ করতে নির্দেশ দিয়েছিলেন।আদেশে বলা হয়, মানুষের স্বাস্থ্যের নিরাপত্তা বিধান না করে বর্জ্যবাহী জাহাজ আমদানি করা যাবে না। ভাঙার জন্য জাহাজ এমনভাবে আনতে হবে, যাতে মানুষের স্বাস্থ্যের ঝুঁকি না থাকে। এ বিষয়ে ইতিপূর্বে হাইকোর্টের দেওয়া রায় যথাযথভাবে অনুসরণ করতে হবে। ওই রায় অনুসরণ না করা পর্যন্ত বাংলাদেশের জলসীমায় কোনো বর্জ্যবাহী জাহাজ প্রবেশ করতে পারবে না। তবে এরপর শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন হাইকোর্টে এ বিষয়ে নির্দেশনা চেয়ে আবেদন করে। গতকাল শুনানির পর আদালত আদেশ দেন।