জাহাজ ভাঙার কারখানায় চারজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় শীতল এন্টারপ্রাইজ নামের জাহাজ ভাঙার একটি কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকেরা হলেন মোকসেদুল আলম (২৬), মো. নাদিম (২৫), আল আমীন (২০) ও মো. শাহজাহান (১২)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। দগ্ধ শ্রমিকদের দুই হাত, মাথা, বুক ও মুখমণ্ডল পুড়ে যায়।

বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকেরা বলেছেন, মোকসেদুলের শরীরের ৩০ ভাগ এবং আল-আমীন ও নাদিমের শরীরের ২৪ ভাগ করে পুড়ে গেছে। শাহজাহানের শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে।

বিভাগের রেজিস্ট্রার ডা. রেজিনা ইসলাম বলেন, ‘যাঁদের শরীরের ২০ শতাংশের বেশি পুড়ে গেছে, তাঁদের অবস্থা আশঙ্কাজনক। আমরা চিকিৎসা দিচ্ছি।’

চিকিৎসাধীন মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, লোহা কাটার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে যায়।