জাহাজ ভাসা উৎসবে প্রাণের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর দুই পাড়ে হাজার হাজার নর-নারীর সম্মিলন। নদীতে ভাসছে বাঁশ, বেত, কাঠ, রঙিন কাগজ দিয়ে অপূর্ব কারুকাজে তৈরি দৃষ্টিনন্দন সাতটি কল্পজাহাজ। জাহাজে জাদি, মন্দির এবং বিভিন্ন প্রাণীর প্রতিকৃতিও ফুটিয়ে তোলা হয়েছে এসব জাহাজে। সাত-আটটি নৌকার ওপর এ রকম একটি জাহাজ বসানো হয়। প্রতিটি জাহাজেই একাধিক মাইক, ঢোল, কাঁসর, মন্দিরাসহ নানা বাদ্যযন্ত্র। বাদ্যের তালে তালে শিশু-কিশোর ও যুবকেরা নেচে-গেয়ে আনন্দযজ্ঞে মেতে উঠেছে, গাইছে বৌদ্ধ কীর্তন, ‘বুদ্ধ ধর্ম সংঘের নাম সবাই বলো রে, বুদ্ধের মতো এমন দয়াল আর নাইরে।’সেই জাহাজে ভাসতে ভাসতে এপার থেকে ওপারে, ওপর থেকে নিচে দাপিয়ে বেড়াচ্ছে তারা। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নদীতে চলে এ আনন্দায়োজন। শুধু বৌদ্ধধর্মাবলম্বীরা নয়, এ আনন্দে শামিল হয়েছে ভিন্ন সম্প্রদায়ের লোকজনও। এ যেন এক অসাম্প্রদায়িক মিলনমেলা।বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে গতকাল বুধবার কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহী জাহাজ ভাসা উৎসবে এ প্রাণের উচ্ছ্বাস দেখা গেছে।বৌদ্ধধর্মাবলম্বীরা জানান, প্রতিবছর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাব্রত পালনের শেষ দিনটি হচ্ছে প্রবারণা পূর্ণিমা। এ দিনে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার পাশাপাশি বাংলাদেশের একমাত্র রামু উপজেলায় জাহাজ ভাসা উৎসবের আয়োজন করা হয়। এ জাহাজ ভাসা উৎসবকে ঘিরে আগস্টের প্রথম সপ্তাহ থেকে রামুর প্রায় ২০টি বৌদ্ধপল্লিতে অন্য রকম আনন্দযজ্ঞ শুরু হয়। মূলত কল্পজাহাজ ও ফানুস তৈরির অর্থ সংগ্রহকে ঘিরে এ আনন্দযজ্ঞ চলে। রামু উপজেলা বুড্ডিস্ট ফেডারেশনের সহসভাপতি দুলাল বড়ুয়া জানান, ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ও জাহাজ ভাসা উৎসব শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয়, যুগ যুগ ধরে এ উৎসব হাজার হাজার শিশু-কিশোর ও আবাল-বৃদ্ধবনিতার মাঝে নির্মল আনন্দ ও সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে আসছে। সারা দেশের মধ্যে শুধু রামুতেই এ উৎসবের আয়োজন করা হয়।জেলা প্রশাসক মো. জয়নুল বারী বলেন, ‘কক্সবাজার জেলায় রামু হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির পাদপীঠ। মুসলিম, হিন্দু, বৌদ্ধধর্মালম্বীদের সাৈহার্দ্যপূর্ণ বসবাসে রামু অসাম্প্রদায়িক চেতনায় উদ্ভাসিত। আমরা এখানকার মানুষের অসাম্প্রদায়িক চেতনা আজীবন ধরে রাখতে চাই। বৌদ্ধদের উৎসব হলেও এটি সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। সত্যিই আমি অভিভূত। সাম্য, মৈত্রী ও অহিংসার বাণী প্রচার করে গৌতম বুদ্ধ যেমন মহামানব হয়েছেন, তেমনি দেশ ও জাতির উন্নয়নে আমাদেরও অহিংস নীতি অনুসরণ করতে হবে।’বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি, রামু সীমা বিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের জানান, আজ থেকে ২০০ বছর আগে মিয়ানমারে মুরহন ঘা নামক স্থানে একটি নদীতে মংরাজ ম্রাজংব্রান প্রথম এ উৎসবের আয়োজন করেন। প্রবারণা পূর্ণিমার একসঙ্গে মিলিত হওয়ার জন্য এ আয়োজন চলত। সেখান থেকে বাংলাদেশের রামুতে এ উৎসবের প্রচলন। প্রায় শত বছর ধরে রামুতে মহাসমারোহে এ উৎসব হয়ে আসছে।উদ্যাপন পরিষদের সভাপতি স্বপন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক পলক বড়ুয়া আপ্পু ও রজত বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মো. ছাইদুল হক, বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য সুপ্ত ভূষণ বড়ুয়া, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাবুল শর্মা, রামু উপজেলা বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের নির্বাহী সভাপতি বঙ্কিম বড়ুয়া, সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিপুল বড়ুয়া আব্বু।