জাহাজজটে বাড়ছে ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দরে কনটেইনার–জাহাজের জট বেড়েছে। গতকাল বিকেলে।  ছবি: প্রথম আলো
বন্দরে কনটেইনার–জাহাজের জট বেড়েছে। গতকাল বিকেলে। ছবি: প্রথম আলো

চট্টগ্রাম বন্দর জেটিতে ভেড়ানোর অপেক্ষায় দুই সপ্তাহ ধরে গড়ে প্রতিদিন সাগরে অপেক্ষা করছে ২৪টি কনটেইনার জাহাজ। গত বছর ঈদের আগের দুই সপ্তাহে গড়ে অপেক্ষা করত ১৫টি জাহাজ। স্বাভাবিক সময় হলে তিন-চারটির বেশি জাহাজ অপেক্ষায় থাকার কথা নয়-বলছেন বন্দরসংশ্লিষ্ট ব্যক্তিরা। 

সাম্প্রতিক সময়ে বন্দরে সব ধরনের জাহাজজট সহনীয় পর্যায়ে ছিল। তবে ঈদের ছুটির আগে দুই সপ্তাহ ধরে তা বেড়ে গেছে। জটের কারণে এসব জাহাজ জেটিতে ভিড়তে ৬ থেকে ১০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। অর্থাৎ আমদানি পণ্য নিয়ে জাহাজ বন্দরের বহির্নোঙরে আসার পরও জেটিতে ভেড়ানোর জন্য অপেক্ষার কারণে সেই পণ্য হাতে পেতে ৮-৯ দিন বেশি লাগছে।
ব্যবসায়ীরা বলছেন, এতে পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। এর প্রভাব পড়বে রপ্তানিতে ও পণ্যমূল্যে। বন্দর ব্যবহারকারীদের সংগঠন ‘পোর্ট ইউজার্স ফোরাম’ ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবল আলম গতকাল প্রথম আলোকে বলেন, ২০১৯ সালের ডিসেম্বরে নতুন জেটি নির্মাণ শেষ হওয়ার আগে বন্দর থেকে পণ্য আনা-নেওয়ার আলাদা সড়ক নির্মাণসহ ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিতে হবে। না হলে সমস্যার সমাধান হবে না। আর এই জট অব্যাহত থাকলে আমদানি-রপ্তানিতে প্রভাব পড়বে।
বন্দরের তথ্যে দেখা যায়, স্বাভাবিক সময়ে বন্দরে গড়ে প্রতিদিন ৮ হাজার কনটেইনার ওঠানো-নামানো হয়। এক সপ্তাহ ধরে তা সাড়ে ৫ হাজারে নেমে
এসেছে। দ্রুত কনটেইনার খালাস না হওয়ায় জাহাজ বন্দর ছেড়ে যেতে পারছে না। নতুন জাহাজও দ্রুত জেটিতে ভিড়তে পারছে না।
চট্টগ্রাম বন্দরে একসঙ্গে ১০-১১টি কনটেইনার জাহাজ থেকে পণ্য খালাসের জেটি রয়েছে। একেকটি জাহাজ থেকে আমদানি পণ্যভর্তি কনটেইনার খালাস করে রপ্তানি পণ্যভর্তি কনটেইনার বোঝাই করতে দু-তিন দিন লাগে। পণ্য খালাস ও বোঝাই শেষে বন্দর ত্যাগ করার পর বন্দর জেটি থেকে ১৬ কিলোমিটার দূরে সাগরে অপেক্ষমাণ জাহাজ ক্রমতালিকা অনুযায়ী জেটিতে ভেড়ানোর সুযোগ হয়। প্রতিদিন তিন-চারটি কনটেইনার জাহাজ জেটি ছেড়ে যায়। খালি হওয়া জেটিতে অপেক্ষমাণ জাহাজ ভেড়ানো হয়। আবার প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি পণ্য নিয়ে তিন-চারটি জাহাজ আসছে। ফলে জট কমছেই না।
প্রতিবছর বন্দরে ধারাবাহিকভাবে কনটেইনার পরিবহন বাড়লেও গত সাড়ে ১০ বছরে একটিও জেটি হয়নি। এবার অবকাঠামো সংকটের সঙ্গে যুক্ত হয়েছে রোজার সময় পরিচালন কার্যক্রম সময় কমে আসা। ফলে রোজা-ঈদের সময় আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের বাড়তি চাপে জাহাজজট দিন দিন তীব্র হচ্ছে।
জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান কমোডর জুলফিকার আজিজ গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, বন্দরে এখন সাধারণ পণ্যবাহী জাহাজের জট নেই। তবে দুই সপ্তাহ ধরে বন্দরে কনটেইনার জাহাজের সংখ্যা বেড়ে গেছে। রোজা ও বাজেটের জন্য পণ্য আমদানি বাড়ার সঙ্গে রোজার সময় বন্দরে পরিচালন সময় কমে যাওয়া ও পাঁচ দিন ধরে বৃষ্টির কারণে এই সমস্যা হয়েছে। এই সমস্যা নিরসনে কনটেইনার রাখার নতুন জায়গা তৈরি করা হয়েছে। জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর যে গ্যান্ট্রি ক্রেনটি অচল ছিল, তা চালু করা হচ্ছে বৃহস্পতিবার (আজ)। তিনি বলেন, ‘সংকট কাটাতে রোজার আগে থেকেই বহুমুখী পদক্ষেপই নেওয়া হয়েছে। আশা করি, তা দ্রুত কেটে যাবে।’
তবে বন্দরকেন্দ্রিক জাহাজ পরিচালনাকারী প্রতিনিধিদের সংগঠন শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর দক্ষতা কমে গেছে। এর ফলে কনটেইনার খালাস ও বোঝাই করতে বেশি সময় লাগছে।
জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সংগঠন বার্থ অপারেটর, শিপ হ্যান্ডলিং অপারেটর ও টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী বলেন, স্বাভাবিক সময়ের চেয়ে রোজার সময় চার থেকে পাঁচ ঘণ্টা কাজ কম হয়। এ কারণেই জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর সংখ্যা কম। বৃষ্টির কারণেও ব্যাঘাত হচ্ছে।
ঈদের সময় বন্দরে যাতে জাহাজজটসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, সে জন্য এবার আগেভাগেই ব্যবহারকারীদের সঙ্গে দফায় দফায় সভা করেছেন বন্দর কর্মকর্তারা। নতুন নতুন নির্দেশনাও দিয়েছেন। তবে ব্যবহারকারীরা এগিয়ে না আসায় এসব পদক্ষেপের সুফল পুরোপুরি পাওয়া যাচ্ছে না। অন্তত ঈদের সময় আমদানিকারকেরা যাতে নিজস্ব ব্যবস্থায় পণ্য খালাস করে নেন, সে জন্য তাগাদা দিয়ে ব্যবসায়ী সংগঠনগুলোর কাছে চিঠিও দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
জানতে চাইলে বন্দরের পর্ষদ সদস্য মো. জাফর আলম প্রথম আলোকে বলেন, বন্দরের কার্যক্রম সার্বক্ষণিক সচল রাখতে হলে ব্যবহারকারীদেরও এগিয়ে আসতে হবে। ছুটির সময় যাতে বন্দরে জট না হয়, সে জন্য বন্দর সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। তারা এগিয়ে না এলে বন্দরের একার পক্ষে এখন পরিস্থিতি সামাল দেওয়া কঠিন।