জাহাজভাঙা কারখানা দখলে নিতে জালিয়াতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর এলাকার জাহাজভাঙা কারখানা টিআর শিপ ব্রেকার্স লিমিটেড। সম্প্রতি তোলা ছবি l সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর এলাকার জাহাজভাঙা কারখানা টিআর শিপ ব্রেকার্স লিমিটেড। সম্প্রতি তোলা ছবি l সংগৃহীত

শুরুটা এ রকম—এক ব্যবসায়ীর জাহাজভাঙা কারখানা ভাড়া নেন আরেক ব্যবসায়ী। তিন মাস পর ভাড়ার চুক্তি বাতিল করতে চান কারখানার মালিক। কিন্তু ভাড়া নেওয়া ব্যবসায়ী নাছোড়বান্দা। তিনি জায়গা ছাড়তে নারাজ। এখানেই শেষ নয়। নিজের প্রতিষ্ঠানের নামে কারখানার জমির দলিলও (ইজারা চুক্তি) করে নেন তিনি। এই জাল দলিলে পরিবেশ ছাড়পত্রও বের করে আনেন।
জাহাজভাঙা কারখানাটির মালিক চট্টগ্রামের ব্যবসায়ী মো. আলাউদ্দিন। তাঁর কারখানার নাম ম্যাক ইন্টারন্যাশনাল। এই কারখানা ভাড়া নিয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলমের পারিবারিক প্রতিষ্ঠান টিআর শিপ ব্রেকার্স লিমিটেড।
সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় বঙ্গোপসাগরের তীরে প্রায় সাড়ে আট একর জায়গা নিয়ে জাহাজভাঙা কারখানাটির অবস্থান। এসব কারখানা শিপ ব্রেকিং ইয়ার্ড নামে পরিচিত। বিদেশ থেকে আমদানি করা পুরোনো জাহাজ ভাঙা হয় এখানে।
সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের কাছ থেকে জমি ইজারা নিয়ে ১০ বছর ধরে জাহাজভাঙা কারখানার ব্যবসা করে আসছেন ব্যবসায়ী মো. আলাউদ্দিন। গত বছরের ডিসেম্বর মাসে এককালীন দুই কোটি টাকা এবং মাসে আড়াই লাখ টাকায় টিআর শিপ ব্রেকার্স লিমিটেডকে কারখানাটি ভাড়া দেন তিনি। দুটি প্রতিষ্ঠানের মধ্যে এ-সংক্রান্ত চুক্তিও হয়। দুই মাস পর ব্যাংকের ঋণসংক্রান্ত জটিলতার কারণে চুক্তি বাতিল করতে চান আলাউদ্দিন। তখনই বেঁকে বসে সাংসদের পারিবারিক প্রতিষ্ঠান।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জোর করে কারখানাটি দখলে নেওয়ার অভিযোগ ওঠে শিপ ব্রেকার্সের বিরুদ্ধে। কিছুদিন পর ইজারার নথি জাল করে পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন করে প্রতিষ্ঠানটি। অথচ ছাড়পত্রের (প্রতিবছর পরিবেশ ছাড়পত্র নবায়ন করতে হয়) জন্য আবেদন করার কথা কারখানাটির ইজারাদারের। বিষয়টি যাচাই না করেই সাংসদের পারিবারিক প্রতিষ্ঠানের অনুকূলে ছাড়পত্র দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
ব্যবসায়ী গ্রুপ তাহের অ্যান্ড ব্রাদার্সের অঙ্গপ্রতিষ্ঠান টিআর শিপ ব্রেকার্স লিমিটেড। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সরকারদলীয় সাংসদের বাবা আবু তাহের। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনেরও সভাপতি তিনি। আর সাংসদ দিদারুল আলম তাহের অ্যান্ড ব্রাদার্সের পরিচালক।
কারখানাটির মালিক ব্যবসায়ী আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি চুক্তি বাতিলের অনুরোধ করি। উকিল নোটিশও পাঠাই। কিন্তু চুক্তি বাতিল না করে ফেব্রুয়ারিতে জোর করে ইয়ার্ড দখল করে নেয় তারা (শিপ ব্রেকার্স)। পরে আদালতে মামলা করেছি। আমার ইয়ার্ডের দলিল জাল করে বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন করে তারা।’
এ বিষয়ে টি আর শিপ ব্রেকার্সের মালিক আবু তাহের মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘টাকাপয়সা নিয়ে আমাদের সঙ্গে ভাড়ার চুক্তি করে এখন বলছে বাতিল করতে। কিন্তু সে (আলাউদ্দিন) আমাদের সঙ্গে বসছে না। পরিবেশ থেকে ছাড়পত্রও দেওয়া হয়েছে।’ পরিবেশ ছাড়পত্র নিতে ভুয়া কাগজপত্র জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভুয়া কেন হবে? বিষয়টি আমার ছেলে শাহীন আলম দেখে। আমি তাঁকে জিজ্ঞেস করব।’
সাংসদের ভাই শাহীন আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা পরিবেশ অধিদপ্তরে যা জমা দিয়েছি, সবকিছু ম্যাক ইন্টারন্যাশনাল দিয়েছে। এসব জাল কি না জানি না। আমরা তো তাদের (ম্যাক ইন্টারন্যাশনাল) বলেছি আমাদের টাকা ফেরত দিতে। কিন্তু দিচ্ছে না।’
এ বিষয়ে সাংসদ দিদারুল আলম গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ম্যাকের সঙ্গে ইয়ার্ড নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। বিষয়টি আমার ভাই শাহীন দেখে। তাঁর সঙ্গে কথা বলেন।’
এদিকে সাংসদের ভাই শাহীন আলম পরিবেশ অধিদপ্তরে ম্যাক ইন্টারন্যাশনালের দেওয়া কাগজ জমা দেওয়ার দাবি করলেও তা সত্য নয় বলে জানান প্রতিষ্ঠানটির মালিক মো. আলাউদ্দিন। তিনি বলেন, চুক্তি বাতিল করার জন্য বেশ কয়েকবার অনুরোধ করেছেন তিনি। চুক্তি বাতিল হলে এককালীন নেওয়া টাকা ফেরত দিয়ে দেবেন বলে জানান তিনি।
জাহাজভাঙা কারখানাটি দখলে নিতে ইজারার নথি জালিয়াতি করেছে টি আর শিপ ব্রেকার্স—বিষয়টি জানতে পেরে গত ফেব্রুয়ারি মাসে ম্যাক ইন্টারন্যাশনালের মালিক পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ১৭ এপ্রিল পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয় থেকে বিষয়টি যাচাইয়ের জন্য সীতাকুণ্ড উপজেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক (এখন বদলি হয়ে অন্য কর্মস্থলে) জমির উদ্দিন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, টি আর শিপ ব্রেকার্স লিমিটেড নামে একটি শিপইয়ার্ডের নাম পরিবর্তন করে পরিবেশ ছাড়পত্র নবায়ন করার আবেদন করা হয়েছে। আগে ইয়ার্ডটির নাম ছিল ম্যাক ইন্টারন্যাশনাল। টি আর শিপ ব্রেকার্স লিমিটেডের অনুকূলে চুক্তিনামা দাখিল করা হয়েছে। চুক্তিনামাটি সঠিক কি না যাচাই করা প্রয়োজন।
পরে যাচাই করতে গিয়ে নথি জালিয়াতির প্রমাণ পেয়েছে উপজেলা প্রশাসন। এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভুঁইয়া প্রথম আলোকে বলেন, পরিবেশ অধিদপ্তরের চিঠির আলোকে ইজারার নথি যাচাই করে দেখা গেছে, মূল নথিটি ম্যাক ইন্টারন্যাশনালের নামে রয়েছে। ইজারাগ্রহীতার নাম ও ঠিকানা এবং সিলমোহরের স্থলে টি আর শিপ ব্রেকার্স লিমিটেডের ঠিকানা ও সিলমোহর বসানো হয়েছে। বাকি সব তথ্য অপরিবর্তিত আছে। যাচাই শেষে ২৬ এপ্রিল উপজেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তরকে চিঠি পাঠিয়েছে।
উপজেলা প্রশাসনের চিঠিতে বলা হয়, ‘প্রেরিত চিঠির আলোকে রেকর্ড যাচাই করে দেখা গেছে, নথিটি সীতাকুণ্ড ভূমি অফিস থেকে সংগৃহীত হয়নি। মূল নথিতে টি আর শিপ ব্রেকার্সের নাম নেই। এটি অন্য কোনোভাবে জাল-জালিয়াতির মাধ্যমে সৃষ্টি করা হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়।’
ভুয়া নথিতে পরিবেশ অধিদপ্তর কীভাবে ছাড়পত্র নবায়ন করল, তাতে বিস্মিত ম্যাক ইন্টারন্যাশনালের মালিক আলাউদ্দিন। তিনি বলেন, সাধারণ ব্যবসায়ীরা ছাড়পত্রের জন্য আবেদন করলে বারবার যাচাই-বাছাই করে অধিদপ্তর। কিন্তু টি আরের ভুয়া ইজারার কোনো কাগজ যাচাই-বাছাই না করেই তারা ছাড়পত্র নবায়ন করেছে।
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মাসুদ করিম বলেন, ‘আমরা প্রথমে ছাড়পত্র দিয়ে দিই। পরে যাচাই করে যদি ভুয়া প্রমাণিত হয়, তখন ব্যবস্থা নেওয়া হয়। যে দিতে পারে, সে বাতিলও করতে পারে।’