জাহাজভাঙা কারখানায় শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় দুর্ঘটনায় মো. রাজু (২৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের বড়কুমিরা উপকূলে কেআর শিপ ব্রেকিং ইয়ার্ড নামের একটি জাহাজ ভাঙা কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

রাজুর বাড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মধ্য সোনাইছড়ির বক্তারপাড়া গ্রামে। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ প্রথম আলোকে বলেন, গত রোববার রাতে ওই জাহাজভাঙা কারখানায় অক্সি-এসিটিলিন শিখা দিয়ে লোহার পাত কাটছিলেন রাজু। একপর্যায়ে তিনি লোহার পাতের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। গতকাল সোমবার রাজুর লাশের ময়নাতদন্ত হয়েছে।

এসআই বলেন, রাতে জাহাজভাঙা কারখানায় কাজ করার বিধান না থাকলেও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করাচ্ছে। এতে দুর্ঘটনা ঘটছে।