জাহাজভাঙা কারখানায় আগুন, ৩ শ্রমিক দগ্ধ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কবির স্টিল এলাকায় সাগর উপকূলে জাহাজভাঙা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হন। পরে অন্য শ্রমিকেরা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করান।
দগ্ধ শ্রমিকেরা হলেন বগুড়া জেলার গাবতলী থানার ভান্ডারিয়া গ্রামের সোলাইমানের ছেলে মোহাম্মদ লালু (১৯), সাতকানিয়া থানার অলীনগর ইছামতী গ্রামের আবুল বাশারের ছেলে রিয়াদ (২০) ও শীতলপুর বগুলাবাজার এলাকার রাম জলদাশের ছেলে তপন জলদাশ (৩০)। তাঁদের মধ্যে লালু ও তপনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গতকাল রোববার সকাল নয়টার দিকে কবির স্টিল শিপব্রেকিং ইয়ার্ড নামে জাহাজভাঙা কারখানায় এ দুর্ঘটনা ঘটে। কারখানার কার্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে কয়েকজন শ্রমিক ওই জাহাজভাঙা কারখানায় ফিশপ্লেট কাটছিলেন। এ সময় হঠাৎ আগুন ধরে যায়। ওই কাজের তদারককারীসহ শ্রমিকেরা আগুন নিভাতে গেলে পাশে থাকা ট্যাংকের পরিত্যক্ত দাহ্য পদার্থে আগুন ধরে। এতে ওই তিন শ্রমিক দগ্ধ হন। এ সময় শ্রমিকেরা তাঁদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
কারখানার মালিক মোহাম্মদ শাহাজাহান বলেন, দগ্ধ শ্রমিকদের চিকিৎসার খরচ কোম্পানি থেকে বহন করা হবে। চমেক চিকিৎসকদের পাশাপাশি কোম্পানির নিজস্ব চিকিৎসক তাঁদের চিকিৎসা দিচ্ছেন।