চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা সাগরপাড়ে মাদার স্টিল নামে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার শ্রমিক আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় অন্য শ্রমিকেরা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম নগরের এ কে খান গেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গত দুই দিনে জাহাজভাঙা কারখানায় দুটি দুর্ঘটনা ঘটল।
আহত ব্যক্তিরা হলেন ফিটার ইনচার্জ মো. মাসুদ (৩০), ফিটারম্যান মো. মামুন (২৪), ফিটার সহকারী মো. সেলিম (৩৫) ও আবুল কাশেম (৩৮)। মাসুদ নোয়াখালীর সেনবাগের আবদুল মালেকের ছেলে, মামুন সীতাকুণ্ডের কাশেম জুট মিল এলাকার আবুল কালামের ছেলে, আবুল কাশেম ওই উপজেলার মছিউল্লাহর ছেলে ও সেলিম ঝালকাটির শামসুল হাওলাদারের ছেলে।
উদ্ধারকারী শ্রমিকেরা জানান, তাঁরা একটি জাহাজের যন্ত্রপাতি খুলছিলেন। হঠাৎ একটি সেলুলাইজ গ্যাস সিলিন্ডারের মুখ খুলে বিষাক্ত গ্যাস জাহাজের ভেতর ছড়িয়ে পড়ে। এতে ওই চারজন আহত হন।
আহত মামুনের মা শামছুন নাহার প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে কেমন আছে, তা তাঁকে সঠিকভাবে জানাচ্ছে না। ছেলেকে দেখতে তাঁকে কেউ হাসপাতালে নিয়ে যাচ্ছে না। তাই বড় ছেলের বউকে পাঠিয়েছেন হাসপাতালে, পরে হয়তো সঠিক খবর জানতে পারবেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, সকালেই কাজ করার সময় বিষাক্ত গ্যাসে চার শ্রমিক আক্রান্ত হয়েছেন।
এর আগে গত বুধবার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় লিজেন্ড হোল্ডিং নামের একটি জাহাজভাঙা কারখানায় প্লেটের আঘাতে দুই শ্রমিক আহত হন।