জাহাজভাঙা কারখানায় পৃথক দুর্ঘটনায় নিহত ২
সীতাকুেণ্ডর সোনাইছড়ি ও ভাটিয়ারী ইউনিয়নের সাগরপাড়ে লিজেন্ড হোল্ডিং ও এস ট্রেডিং করপোরেশন নামের দুটি জাহাজভাঙা কারখানায় পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।
গত বুধবার ও শুক্রবার রাতে এ দুর্ঘটনা দুটি ঘটে। এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় দুটি মামলা হয়েছে। এ নিয়ে চলতি বছরে জাহাজভাঙা কারখানায় দুর্ঘটনায় ১০ জন নিহত হলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীতাকুেণ্ডর সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা পাক্কা মসজিদ এলাকায় সাগরপাড়ে লিজেন্ড হোল্ডিং শিপইয়ার্ডে গত শুক্রবার রাতে জাহাজ তীরে আনছিলেন শ্রমিকেরা। এ সময় একটি ওয়্যার (জাহাজ টানার বড় লোহার তার) ছিঁড়ে গেলে লেবার ফোরম্যান (শ্রমিক জোগানদাতা) েমাহাম্মদ মহসিন (৪০) ঘটনাস্থলে নিহত হন। পরে শ্রমিকেরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাতে মৃত ঘোষণা করেন। মহসিন চট্টগ্রামের সন্দ্বীপ থানার মুছাপুর আলিমিয়া বাজার এলাকার জেবল হকের ছেলে।
এর আগে বুধবার রাতে ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় এস ট্রেডিং করপোরেশন নামের অপর একটি জাহাজভাঙা কারখানায় কাটিং করার সময় জাহাজে থাকা গ্যাস সিলিন্ডারের মুখ খোলার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সাইদুর রহমান (৩০) নামের এক শ্রমিক গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বেসরকারি সংস্থা ‘ইপসা’র জ্যেষ্ঠ প্রোগ্রাম ব্যবস্থাপক মো. আলী শাহীন প্রথম আলোকে বলেন, ব্যাংকের ঋণের চাপ শ্রমিকদের ওপর চাপিয়ে দিচ্ছে মালিকপক্ষ। ফলে বাধ্য হয়ে রাতের বেলায়ও ঝুঁকি নিয়ে কাজ করেন শ্রমিকেরা। এ ছাড়া, নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করতে না পারায় দুর্ঘটনা বেড়েই চলছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, উভয় ঘটনায় দায়ের করা দুটি মামলার একটির তদন্ত করছেন তিনি। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।