জাহাজভাঙা কারখানায় শ্রমিক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ‘গোল্ডেন আয়রন’ নামে একটি জাহাজভাঙা কারখানার হলকারের (মালামাল ঢোকানোর পথ) ঢাকনা খুলে নিচে পড়ে আমজাদ হোসেন (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমজাদ ওই কারখানার কাটার সহকারী হিসেবে কাজ করছিলেন। তাঁর বাড়ি বাগেরহাটে বলে জানা গেছে।
গোল্ডেন আয়রন সাংসদ দিদারুল আলমের গ্রুপ অব কোম্পানি তাহের অ্যান্ড ব্রাদার্সের একটি প্রতিষ্ঠান।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের সাইনবোর্ড এলাকার সাগরপাড়ে ওই কারখানাটির পুরোনো জাহাজের ডেকের হলকার অংশে কাটিং করছিলেন আমজাদ। হঠাত্ ঢাকনাসহ খুলে জাহাজের তলায় পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, কাজ করার সময় মাথা ঘুরে পড়ে আমজাদ নিহত হন।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার পেনিনসুলা নামের অপর একটি জাহাজভাঙা কারখানায় দুর্ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হন।