জাহাজভাঙা বর্জ্য ও তেলে সমুদ্রের পানিতে দূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সলিমপুর জেলেপাড়ার বৃদ্ধ হীরালাল জলদাসের অভিযোগ, ‘আগে এ অঞ্চলে মাছ পেতাম অনেক। মাছ, জাল, নৌকার ওপর নির্ভর করে জীবন চলত। সমুদ্রের পানির রং ছিল আয়নার মতো পরিষ্কার। এখন পানির রং ঘোলাটে, কালো হয়ে গেছে। মাছও আগের মতো পাচ্ছি না।’ মাছের অভাব দেখা দেওয়ায় জেলেরা এখন কষ্টে দিন কাটাচ্ছেন। কয়েক যুগ ধরে হীরালাল এ পেশায় আছেন। সামুদ্রিক মাছের সংকট দেখা দেওয়ায় তিনি পৈতৃক পেশা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। এ ধরনের অভিযোগ শুধু হীরালালের নয়, এ অঞ্চলের আরও অনেক জেলের।চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর থেকে কুমিরা সমুদ্র উপকূলজুড়ে সাতটি জেলেপাড়া রয়েছে। এসব জেলেপাড়ার জেলেরা যুগ যুগ ধরে সামুদ্রিক মাছ ধরে আসছেন। কিন্তু এক যুগ ধরে সমুদ্র উপকূলে জাহাজ ভাঙার ব্যাপক প্রসার ঘটে। জাহাজ ভাঙার ফলে বিভিন্ন বর্জ্য ও তেলজাত দ্রব্য এসব এলাকার সমুদ্রের পানি ও মাটিকে প্রতিনিয়ত দূষিত করে চলেছে। ফলে আগের মতো সাগরে আর মাছ পাওয়া যায় না।সরেজমিনে দেখা গেছে, বিদেশ থেকে আনা জাহাজ চট্টগ্রামের ফৌজদারহাট, ভাটিয়ারী, সোনাইছড়ি ও কুমিরা এলাকার ৪৫টি ইয়ার্ডে কাটা হয়। জাহাজগুলো কাটার সময় তেল ট্যাংকারের তলানিতে জমে থাকা বিপুল অপরিশোধিত তেল ও লুব্রিক্যান্ট পানিতে মেশে। বর্জ্যমিশ্রিত তেল সমুদ্রের পানিতে মিশে পানিকে দূষিত করে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক এম এম হোসাইন ও এম ইসলামের ‘জাহাজভাঙা কার্যক্রম এবং চট্টগ্রাম উপকূলীয় এলাকায় এর প্রভাব’ বিষয়ক এক গবেষণায় থেকে জানা যায়, জাহাজ ভাঙার ফলে উপকূলীয় এলাকার মাটিতে বিষাক্ত ধাতু ছড়িয়ে পড়ে। তার মধ্যে পারদ রয়েছে শূন্য দশমিক ৫ থেকে শূন্য দশমিক ২৭ পিপিএম, সিসা শূন্য দশমিক ৫ থেকে ২১ দশমিক ৮, ক্রোমিয়াম ২২০, ক্যাডামিয়াম শূন্য দশমিক ৩ থেকে ২ দশমিক ১, ক্যালসিয়াম ৫ দশমিক ২ থেকে ২ দশমিক ১০ এবং ম্যাগনেসিয়াম রয়েছে ৬ দশমিক ৫ থেকে ১ দশমিক ৫৭ পিপিএম। গবেষণায় আরও উল্লেখ করা হয়, সমুদ্রের পানির ওপর যে তেল ও বর্জ্য জমা হয়, তা সূর্যের আলোকে পানির নিচে পৌঁছাতে বাধা দেয়। এতে পানির নিচের উদ্ভিদ-জগতের সালোকসংশ্লেষণ-প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এসব উদ্ভিদ ছোট ছোট মাছ ও খুদে সামুদ্রিক প্রাণীদের খাদ্য সরবরাহ করে। সালোকসংশ্লেষণ বাধা পেলে উদ্ভিদের জন্ম ও বৃদ্ধি বন্ধ হয়ে যায়। এর ফলে ২১ প্রজাতির মাছ বিপন্ন হয়ে পড়েছে।ভাটিয়ারী, সোনাইছড়ি ও কুমিরা সমুদ্র উপকূলে মত্স্য আহরণকারী জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দশ বছরে সীতাকুণ্ডের সমুদ্র উপকূলে মত্স্য আহরণ ৮০ শতাংশের মতো কমেছে। স্থানীয়ভাবে পরিচিত লাল চিংড়ি, ট্যাংরা, লইট্যা, রিটা, ছিরিং, রিস্শা, হোন্ধরা, বাইলা, চিংড়ি এখন আর তেমন পাওয়া যায় না। শ্রাবণ-ভাদ্র মাসে পাওয়া যেত প্রচুর রুপালি ইলিশ, যা দ্রুত হ্রাস পাচ্ছে। শুধু তা-ই নয়, একসময় সমুদ্র উপকূলে বিভিন্ন পাখির দেখা মিলত। সেসব পাখি এখন আর দেখা যায় না। উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মো. হারুণ জানান, জাহাজ ভাঙার কারণে চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলের মত্স্য ও প্রাণীকূলের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।উপজেলা মত্স্য কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, এই অঞ্চলগুলো একসময় বিভিন্ন মাছের প্রজননক্ষেত্র ছিল। গভীরতার কারণে এখানে একসময় মাছেরা ডিম পাড়তে আসত। এখন তা আর নেই। জাহাজভাঙা ঘাটের পাশে বিস্তৃত এলাকাজুড়ে পানিতে তেল ভাসতে দেখা যায়। ফলে ওই এলাকার পানিতে সূর্যরশ্মি প্রবেশ করতে পারে না। এ কারণে সামুদ্রিক মাছ ও অন্যান্য জলজ উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাফর আলম জানান, জাহাজ কাটার সময় বর্জ্য পর্দাথ পানিতে না ফেলার জন্য সমিতির পক্ষ থেকে মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। তার পরও বিশাল জাহাজ কাটতে গিয়ে অসাবধানতাবশে পানিতে পড়তেই পারে।আগামীকাল পড়ুন: জাহাজভাঙা শ্রমিকদের মানবেতর জীবনযাপন