জাহাজভাঙা শিল্প উপকূলে বিষ ছড়াচ্ছে
জাহাজভাঙা শিল্পের মাধ্যমে দেশের উপকূলের জলে ও স্থলে বিষ ঢালা হচ্ছে। এই শিল্পে কর্মসংস্থানের কথা বলে হলেও শ্রমিকেরাও সেখানেই বঞ্চনার শিকার হচ্ছেন। জাহাজভাঙা কর্মকাণ্ড ব্যক্তির স্বার্থে পরিচালিত হচ্ছে, দেশের নয়। তাই এ ধরনের ব্যবসা চালিয়ে যেতে দেওয়া উচিত কি না, ভেবে দেখা দরকার। জাতীয় প্রেসক্লাবে ‘জাহাজভাঙা কার্যক্রম, শ্রমদাসত্ব ও পরিবেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে গতকাল শুক্রবার বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক আবুল বাশার বলেন, জীববৈচিত্র্য ক্ষতি করে এমন কর্মকাণ্ড চলতে দেওয়া যায় না। জাহাজভাঙা শিল্পে পরিবেশ ও মানুষের যে ক্ষতি হয়েছে, তা পূরণ করা যাবে না। এই কাজের ফলে যে রাসায়নিক বর্জ্য, পানি, বায়ু ও শস্যে মিশে গেছে, তা যুগ যুগ ধরে বহন করতে হবে। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জাহাজভাঙার সঙ্গে জড়িতরা বলে থাকেন, তাঁরা দেশের ৮০ শতাংশ লোহার জোগান দেন। কিন্তু সরকারি তথ্যে দেখা গেছে, তাঁরা ২০ ভাগের বেশি লোহা জোগান দেন না। জাহাজভাঙার সঙ্গে লাখ লাখ শ্রমিক জড়িয়ে আছেন বলে যে বক্তব্য দেওয়া হয়, তাও সঠিক নয়। এই শিল্পে ১০ হাজার শ্রমিক থাকতে পারে। আয়োজক সংগঠনের চেয়ারম্যান আবু নাসের খান বলেন, যে ব্যবসা মানুষের শরীরে নানা বিষ ঢুকিয়ে দিচ্ছে, তা দরকার আছে কি না, ভেবে দেখা উচিত। বৈঠকে আরও বক্তব্য দেন সাংস্কৃতিকব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও ইবনুল সাঈদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়ন ধারা ট্রাস্টের আমিনুর রসুল। বিজ্ঞপ্তি।