জাহাজভাঙা শিল্পে জিনের আছর পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘জাহাজভাঙা শিল্প বাঁচাতে সরকার আন্তরিক। আমি নিজে এই শিল্পের জন্য অনেক কিছু করেছি। কিন্তু জাহাজভাঙা শিল্পে খারাপ জিনের আছর পড়েছে। এই জিন হাইকোর্টের বারান্দায় ঘোরাঘুরি করে। জিনের আছরের কারণে এই শিল্প চালু হতে দেরি হচ্ছে।’গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ‘পরিবেশ সংরক্ষণে শিল্প-মালিক ও ব্যবসায়ীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে। প্রতিমন্ত্রী বলেন, ‘ওই জিনের সঙ্গে বিদেশিদের যোগাযোগ রয়েছে। তারা বাংলাদেশে লোহার ব্যবসা করতে চাইছে।’প্রায় দুই বছর আগে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) রিটের পরিপ্রেক্ষিতে জাহাজভাঙা শিল্পের নীতিমালা ও জাহাজ আমদানির বিষয়ে কিছু নির্দেশনা জারি করেন হাইকোর্ট। এরপর বিভিন্ন সময় এ আদেশ পাশ কাটিয়ে জাহাজ আমদানি করলে হাইকোর্ট আবার আগের আদেশ বহাল রাখার পাশাপাশি পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কারণ দর্শানোর নোটিশ জারি করেন। দুই বছর পার হলেও সরকার এখনো নীতিমালা করতে পারেনি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম। মুক্ত আলোচনায় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সিকান্দার খান, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম, চেম্বারের সাবেক সভাপতি আবুল কালাম, বর্তমান সহসভাপতি নুরুন নেওয়াজ, পরিচালক এম এ ছালাম, মাহফুজুল হক শাহ, বিজিএমইএর পরিচালক হেলাল উদ্দিন চৌধুরী, বিকেএমইএর দ্বিতীয় সহসভাপতি মোহাম্মদ হাতেম, আনোয়ারা আলম প্রমুখ অংশ নেন।