জাহাজভাঙা ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের বিষয়ে একটি আলাদা বিধিমালা প্রণয়ন এবং আলাদা জোন সৃষ্টির লক্ষ্যে গতকাল মঙ্গলবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তমন্ত্রণালয়ের একটি বৈঠক হয়। পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এতে সভাপতিত্ব করেন। সভায় জানানো হয়, ২০০৯ সালের হিসাব অনুযায়ী, চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ৭৯টি শিপব্রেকিং ইয়ার্ড রয়েছে। বর্তমানে দেশের চাহিদার ৮০-৯০ শতাংশ লোহার জোগান আসে জাহাজভাঙা ইয়ার্ড থেকে। বাংলাদেশে জাহাজভাঙা কার্যক্রম পরিচালনার জন্য যুগোপযোগী কোনো নীতিমালা নেই। প্রধানমন্ত্রী ২ জানুয়ারি এ সংক্রান্ত একটি নীতিমালা প্রণয়নের ঘোষণা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় এ বৈঠক। সভায় পরিবেশসম্মত একটি নীতিমালা প্রণয়নের লক্ষ্যে পরিবেশ সচিবের নেতৃত্বে ১৭ সদস্যের একটি কারিগরি কমিটিকে নীতিমালা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়। কমিটিকে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে একটি প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জাহাজভাঙা শিল্প আমরা বন্ধ করে দিলে নির্মাণশিল্প ক্ষতিগ্রস্ত হবে। তাই এটিকে বন্ধ না করে পরিবেশসম্মত উপায়ে পরিচালনা করতে হবে।’ পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, ‘একটি নতুন বিধিমালার অধীনে জাহাজভাঙা শিল্প যাতে বেঁচে থাকে, সে জন্য আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে একটি নীতিমালা প্রণয়ন করার প্রক্রিয়া শুরু করেছি।’ তিনি বলেন, জাহাজভাঙা শিল্পের জন্য একটি নির্ধারিত জোন গঠন করে দেওয়া হবে। তিনি আরও বলেন, জাহাজভাঙা শিল্পে প্রায় ৫০ হাজার শ্রমিকের কর্মসংস্থান রয়েছে। তাই এ নীতিমালায় জাহাজভাঙা শিল্পে কর্মরত শ্রমিকদের পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্য সংরক্ষণের বিষয়টিও বিবেচনা করা হবে। সভায় জানানো হয়, কারিগরি কমিটি রিপোর্ট জমা দেওয়ার পর আগামী ৩১ জানুয়ারি পুনরায় আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় বাণিজ্যমন্ত্রী ফারুক খান, ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম, নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান উপস্থিত ছিলেন।