জাহাজভাঙা শিল্পের নীতিমালায় পরিবেশকে গুরুত্ব দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, জাহাজভাঙা শিল্প পরিবেশের ক্ষতি করছে, তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু শিল্পের উন্নয়নের স্বার্থে ক্ষতিটা কীভাবে সহনীয় মাত্রায় রাখা যায়, সেদিক বিবেচনা করে নীতিমালা প্রণয়ন করতে হবে।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে জাহাজভাঙা শিল্প নীতিমালা প্রণয়ন-সংক্রান্ত এই মতবিনিময় সভা হয়।সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের সভাপতিত্বে সভায় অধ্যাপক মুহাম্মদ সিকান্দর খান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী, বন ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন, চেম্বারের সহসভাপতি মাহবুবুল আলম, শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হেফাজেতুর রহমান, বিএসবিএর নেতা মো. ইকবাল, মাস্টার আবুল কাশেম, শ্রমিক লীগের নেতা সফর আলী, রেহেনা বেগম প্রমুখ অংশ নেন।শিল্পমন্ত্রী বলেন, ‘জনগণের স্বার্থ রক্ষার মধ্য দিয়েই জাহাজভাঙা শিল্প বিকশিত করা আমাদের লক্ষ্য। তাই জনস্বার্থবিরোধী, শ্রমিক স্বার্থবিরোধী দিক বিবেচনা করে যত দ্রুত সম্ভব একটি সমন্বিত নীতিমালা করা হবে।’ তিনি বলেন, প্রতিটি শিল্পে বর্জ্য শোধনাগার করা বাধ্যতামূলক। তাই জাহাজভাঙা শিল্পেও এটা করা হবে। বর্জ্য কীভাবে পরিশোধন করা যায়, সেটাই মূল বিষয়।সিকান্দর খান বলেন, জাহাজভাঙা শিল্পের নীতিমালা পরিবেশ ও শ্রমিকবান্ধব হওয়া জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের দিক বিবেচনায় রেখে এটা করতে হবে।মোহাম্মদ মহিউদ্দিন বলেন, গাছ কেটেও জাহাজভাঙা শিল্প করা হয়েছে। এটা উচিত নয়। আর এই শিল্প পরিবেশ ও গাছপালার ক্ষতি করে, তা অস্বীকার করা যাবে না। তাই পরিবেশের দিকটিকে গুরুত্ব দিয়েই শিল্পের উন্নয়ন করতে হবে।আবুল কাশেম বলেন, জাহাজভাঙা শিল্প এখন অনেক উন্নত ও আধুনিক হয়েছে। কিন্তু কিছু মহল এই শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি শিগগির নীতিমালা প্রণয়নের দাবি জানান।