জাহাজে অতিরিক্ত যাত্রী বহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী বিভিন্ন জাহাজে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে।
কক্সবাজার কটেজ মালিক সমিতির সভাপতি কাজী মোস্তাক শামীম বলেন, টানা কয়েক দিনের ছুটিতে কক্সবাজারে এসেছেন অন্তত তিন লাখ পর্যটক। ১৮ ফেব্রুয়ারি থেকে দৈনিক অন্তত ১২ হাজার পর্যটক টেকনাফ থেকে জাহাজে করে সেন্ট মার্টিনে যাচ্ছেন। ২০০ থেকে ৪০০ জন ধারণক্ষমতার এক-একটি জাহাজে তোলা হচ্ছে এক থেকে দেড় হাজার যাত্রী।
প্রতিদিন টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায় সাতটি জাহাজ। গতকাল শনিবার সকালে ঘাটে গিয়ে দেখা যায়, সেন্ট মার্টিন যাওয়ার জন্য সেখানে ভিড় জমিয়েছেন কয়েক হাজার পর্যটক। অনেকে টিকিট ছাড়া ৮০০ থেকে ১ হাজার টাকা দিয়ে জাহাজে উঠছেন।
যাত্রীরা অভিযোগ করেন, জাহাজ ভাড়া ৫৫০ থেকে ৮৫০ টাকা হলেও অতিরিক্ত ৩০০ টাকা আদায় করা হচ্ছে।
যশোর থেকে ভ্রমণে আসা সাজেদ হাসান (৪৫) বলেন, গত শুক্রবার সকালে তিনি পরিবারের সদস্যদের নিয়ে এলসিটি কুতুবদিয়া জাহাজে ওঠেন। কিন্তু জাহাজে বসা দূরের কথা, দাঁড়ানোর জায়গা পেতেও তাঁদের কষ্ট হয়েছে।
কুমিল্লার পর্যটক ফয়েজুর হক (৩৮) বলেন, কয়েকটি জাহাজে ধারণক্ষমতার চার-পাঁচ গুণ বেশি পর্যটক বহন করা হয়। অনেক পর্যটক বসার জায়গাও পান না। অনেকে ঝুঁকি নিয়ে ডেকে দাঁড়িয়ে থাকেন।
এলসিটি কাজল জাহাজের ব্যবস্থাপক মো. তাহের বলেন, ‘এখন পর্যটকের অতিরিক্ত চাপ। বহু পর্যটক সেন্ট মার্টিন যেতে টিকিট ছাড়াই জাহাজ উঠে পড়েন। তখন আমাদের করার কিছু থাকে না।’
এলসিটি কুতুবদিয়ার ব্যবস্থাপক মো. আজিজ বলেন, ‘টানা কয়েক দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকের উপচে পড়া ভিড়। তাই জাহাজে অতিরিক্ত পর্যটক বহন করতে হচ্ছে।’
গ্রিনলাইন-১ জাহাজের পরিচালক সুলতান আহমদ বলেন, তাঁরা অতিরিক্ত কোনো যাত্রী জাহাজে তোলেন না। এই জাহাজের ৯০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল আলম বলেন, অতিরিক্ত পর্যটক বহনের দায়ে এলসিটি কুতুবদিয়া, কাজল ও বে ক্রুজ জাহাজকে দুবার করে জরিমানা করা হয়েছে। অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ করতে জাহাজমালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।