জাহাজে আগুন লেগে দগ্ধ তিন নাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা জ্বালানি তেলবাহী একটি জাহাজে অগ্নিকাণ্ডে তিনজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধ তিনজন হলেন জাহাজের বাবুর্চি কামাল উদ্দিন (৩২), গ্রিজার আজমীর হোসেন (৩৫) ও সুকানি মো. ইমন (২৫)। কামাল উদ্দিনের বাড়ি বরিশালের কোতোয়ালি থানার ধোপাতলী এলাকায়। আজমীর হোসেনের বাড়ি নোয়াখালীর ভবেরচর এলাকায় এবং মো. ইমনের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান মৃণাল কান্তি দাস প্রথম আলো ডটকমকে বলেন, আগুনে কামাল উদ্দিনের শরীরের শত ভাগ পুড়ে গেছে। আজমীর হোসেনের ৮০ ও মো. ইমনের ৫৪ শতাংশ পুড়ে গেছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস জানায়, যমুনা অয়েল ডিপো থেকে প্রায় আট হাজার ৬৫০ টন জ্বালানিতেল বোঝাই করে আজ সকালে বাঘাবাড়ী ডিপোর উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল ‘ওটি কিংফিশার-১’। কিন্তু জাহাজের রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার থেকে সকাল নয়টা ১০ মিনিটে হঠাত্ আগুনের লাগে। আগুন দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ওই তিনজনই গুরুতর দগ্ধ হন। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এবং বন্দর কর্তৃপক্ষের একটি জাহাজ ও যমুনা অয়েল লিমিটেডের যন্ত্রপাতির সহায়তায় সোয়া ১০টায় আগুন  নেভানো হয়। আগুনে ছয় লাখ টাকার ক্ষতিগ্রস্ত হলেও ১৪ কোটি টাকার সম্পদ উদ্ধার হয় বলে ফায়ার সার্ভিস জানায়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, আগুনে ট্যাংকারের কেবিন ও ইঞ্জিনকক্ষ ক্ষতিগ্রস্ত হয়। তবে জ্বালানি তেলের কোনো ক্ষতি হয়নি।