জাহাজে করে আবার বিদেশ যাওয়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকের বেশ ধরে ট্রাকের নিচে ঝুলে চার নম্বর গেট দিয়ে চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত জেটি এলাকার মধ্যে ঢুকে পড়েন আকতার আলী (৪১)। সঙ্গে নিয়ে যান কিছু ডলার, পাসপার্ট ও ডিগ্রি পরীক্ষা পাসের সনদপত্র। উদ্দেশ্য লুকিয়ে কোনো জাহাজে উঠে পড়া এবং সেই জাহাজে চড়ে বিদেশ যাওয়া।তবে আকতার আলী শেষ পর্যন্ত পালিয়ে বিদেশ যেতে পারেননি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বন্দরের ১৩ নম্বর জেটিতে ‘এমভি টাম্পা বে’ নামের জাহাজে লুকিয়ে ওঠার সময় জাহাজের নাবিকেরা তাঁকে আটক করে বন্দর নিরাপত্তা বিভাগের কর্মীদের হাতে তুলে দেন।আকতার নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের জানান, তাঁর বাড়ি বরিশালে। তিনি চট্টগ্রামের একজন আইনজীবীর সহকারী হিসেবে কাজ করেন। জাহাজে চড়ে কোনো ঝামেলা ছাড়া বিদেশ যাওয়ার সুযোগ আছে বলে জানার পর তিনি বিদেশ যাত্রায় এই পথ ধরেছিলেন।জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল কামরুল ইসলাম জাহাজে করে বিদেশ যাত্রার চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন।বন্দর সূত্রে জানা গেছে, এমভি টাম্পা বে চট্টগ্রাম-কলম্বোর মধ্যে যাতায়াত করে। জাহাজটির স্থানীয় এজেন্ট মেসার্স সি কনসোর্টিয়াম লিমিটেড। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এ চৌধুরী প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে আসল ঘটনা বেরিয়ে আসবে। কারা তাঁকে এই পথে বিদেশ যাওয়ার ইন্ধন দিয়েছে, তা-ও জানা যাবে।গত ১ এপ্রিল চট্টগ্রাম বন্দরের একটি কন্টেইনারে ঢুকে পড়েন দুজন শ্রমিক। নয় দিন পর তাঁদের একজনকে মুমূর্ষু অবস্থায় সিঙ্গাপুর বন্দরে কন্টেইনার থেকে উদ্ধার করা হয়। ওই কন্টেইনারের মধ্যে পাওয়া যায় আরেকজনের গলিত লাশ।