জাহাজে করে বিদেশে যাওয়ার ভরসা খালি কনটেইনার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর থেকে অবৈধভাবে বিদেশে যাওয়া ব্যক্তিদের প্রধান ভরসা হয়ে উঠেছে জাহাজের খালি কনটেইনার। গত ২০ মাসে এমন তিন ব্যক্তি ধরা পড়ে দেশে ফিরে এসেছেন। এর মধ্যে এক ব্যক্তি দুবার ধরা পড়েছেন।বন্দরের নিরাপত্তা দুর্বলতার কারণে এ ধরনের ঘটনা ঘটছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর দিয়ে কনটেইনারে করে আমদানিপণ্য আসে বেশি। সেই হারে পণ্য রপ্তানি হয় কম। এতে প্রতিবছর বিপুলসংখ্যক খালি কনটেইনার জাহাজের মাধ্যমে বিদেশি বন্দরে পাঠানো হয়। গত বছর এ রকম দুই লাখ ৩১ হাজার ৩৯৪টি খালি কনটেইনার পরিবহন হয়েছে। এ হিসাবে প্রতিদিন গড়ে ৬৩৩টি খালি কনটেইনার যাচ্ছে।বন্দর সূত্রে জানা গেছে, বাইরে থেকে হাতল আটকে দিয়ে খালি কনটেইনার পরিবহন করা হয়। এ কারণে এসব কনটেইনারের হাতল খুলে সহজেই ঢুকে পড়ছে অবৈধ অনুপ্রবেশকারীরা। এ ছাড়া বন্দরে কর্মরত শ্রমিকদের ক্যাটাগরি-ভেদে নির্ধারিত পোশাক না থাকায় বন্দর সংরক্ষিত এলাকা এবং জেটিতে নোঙর করা জাহাজে কে শ্রমিক কে অনুপ্রবেশকারী তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না।বন্দর পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম গত বুধবার প্রথম আলোকে বলেন, বিশ্বের অনেক বন্দরের তুলনায় এই বন্দরে জাহাজে করে অবৈধভাবে বিদেশে যাওয়ার ঘটনা অনেক কম। তবু খালি কনটেইনারে করে বিদেশে গমনের ঘটনা প্রতিরোধ করতে বন্দরের নিরাপত্তাব্যবস্থায় নজরদারি বাড়ানো হয়েছে।চট্টগ্রাম বন্দর ও বন্দর থানা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৮ জুন সোয়েব রিপন ও ৭ ডিসেম্বর মো. রিপন এবং গত বছরের ২৬ এপ্রিল আকতার আলী খালি কনটেইনারে করে বিদেশে যাওয়ার চেষ্টা করে ধরা পড়েন। এর মধ্যে মো. রিপন ১১ ফেব্রুয়ারি এমভি হ্যানসা ক্যালিডোনিয়া জাহাজে করে সিঙ্গাপুরে যাওয়ার সময় পরদিন আটক হন। গত বুধবার একই জাহাজে করে রিপনকে দেশে ফিরিয়ে আনা হয়।এ ছাড়া গত বছরের ১ এপ্রিল দীন ইসলাম ও আল আমিন দুর্ঘটনাবশত কনটেইনারে আটকা পড়ে সিঙ্গাপুরে চলে যান। এর মধ্যে কনটেইনারেই মৃত্যু হয় আল আমিনের। সিঙ্গাপুরে চিকিৎসার পর গত ২০ অক্টোবর দেশে ফিরে আসেন দীন ইসলাম।গতকাল চট্টগ্রাম বন্দর থানার হাজতে থাকার সময় কথা হয় মো. রিপনের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ১১ ফেব্রুয়ারি বন্দরের গেট দিয়ে প্রবেশ এবং জাহাজের সিঁড়ি দিয়ে ওঠার সময় কেউ তাঁকে বাধা দেননি। জাহাজে ওঠার পর কেউ যাতে দেখতে না পারে, সে জন্য একটি খালি কনটেইনারে ঢুকে দরজা টেনে দেন।বন্দর সূত্রে জানা গেছে, নিরাপদ বন্দর হিসেবে গড়ে তুলতে ২০০৪ সালের জুলাই থেকে চট্টগ্রাম বন্দরে চালু হয় আন্তর্জাতিক মানের নিরাপত্তাব্যবস্থা ‘ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি’ (আইএসপিএস কোড)। আইএসপিএস কোড অনুযায়ী বন্দরে নিরাপত্তা ঝুঁকি শনাক্ত করে সে অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়দায়িত্ব বণ্টন করা হয়েছে। যেমন: বন্দর গেট দিয়ে প্রবেশের সময় যাচাই করা, সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের উপস্থিতিতে খালি কনটেইনারের দরজা বন্ধ করা, জাহাজের সিঁড়ি দিয়ে ওঠা, জাহাজ ছাড়ার আগে তল্লাশি করা ইত্যাদি দায়িত্ব পৃথকভাবে বণ্টন করা আছে।এ প্রসঙ্গে বাংলাদেশে আইএসপিএস কোড বাস্তবায়ন-সংক্রান্ত কমিটির প্রধান সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জোবায়ের আহমদ প্রথম আলোকে বলেন, খালি কনটেইনার রপ্তানির সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়িত্ব পালন করছেন কি না, সে বিষয়ে পদক্ষেপ নিতে বন্দরকে চিঠি দেওয়া হবে। কারণ এর আগে খালি কনটেইনারে লুকিয়ে কেউ যাতে বিদেশে যেতে না পারে, সে ব্যাপারে কমিটি থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল। এখন উদ্বেগজনক কিছু না হলেও এসব ঘটনাও যাতে না ঘটে, সে জন্য আইএসপিএস কোড কঠোরভাবে মানতে বন্দরের সংশ্লিষ্ট বিভাগকে সতর্ক করা হবে।বন্দর কর্মকর্তারা বলেন, বন্দরে প্রতিদিন সাড়ে তিন হাজার থেকে চার হাজার ট্রাক প্রবেশ করে। লোকজন আসা-যাওয়া করে আট হাজার থেকে ১০ হাজার। সংরক্ষিত এলাকায় লোকজন ও ট্রাকের চলাচল কমানো গেলে এ ধরনের সমস্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।