জাহাজে করে হজযাত্রী না পাঠানোর সুপারিশ সংসদীয় কমিটির
জাহাজে করে হজযাত্রী না পাঠানোর সুপারিশ করেছে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির সভায় এ সুপারিশ করা হয়।সভায় জানানো হয়, হজযাত্রী পাঠানোর বিষয়ে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চুক্তি অনুসারে জাহাজে করে হজযাত্রী পাঠানোর কোনো সুযোগ নেই। বাংলাদেশও বহু আগে জাহাজে করে হজযাত্রী পাঠানো বন্ধ ঘোষণা করেছে। তাই এ বিষয়ে কোনো আলোচনারও সুযোগ নেই।ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে সভায় অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, এ বি এম আবুল কাসেম, বজলুল হক হারুন, এ কে এম এ আউয়াল, সাধনা হালদার প্রমুখ। ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামাল উদ্দিন আহমেদসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।সভা শেষে সভাপতি মজিবর রহমান সাংবাদিকদের জানান, জাহাজে করে হজযাত্রী না পাঠানোয় কার্যকর পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে বলা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা জারি করতে নৌ পরিবহন মন্ত্রণালয়কেও অনুরোধ করবে ধর্ম মন্ত্রণালয়।