জাহাজে কর্মরত অবস্থায় এক কর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে ৭ নম্বর জেটিতে জাহাজে কর্মরত অবস্থায় বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে ‘এমভি হান হি’ জাহাজে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক সৈয়দ আহমেদ বন্দরে নিয়োজিত বেসরকারি বার্থ অপারেটর প্রতিষ্ঠান ‘মেসার্স এ ডব্লিউ খান অ্যান্ড কোং’-এ ‘ফোরম্যান’ হিসেবে নিয়োজিত ছিলেন। তাঁর বাড়ি বন্দরের পাশে সল্টগোলা এলাকায়।
বার্থ অপারেটর প্রতিষ্ঠান ‘মেসার্স এ ডব্লিউ খান অ্যান্ড কোং’-এর তত্ত্বাবধায়ক মো. শহীদুল্লাহ প্রথম আলোকে জানান, গতকাল সকাল পৌনে আটটায় সৈয়দ আহমেদ জাহাজে ওঠেন। হঠাৎ অসুস্থ বোধ করলে তাঁকে বন্দর স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন সেলিম প্রথম আলোকে বলেন, বার্থ অপারেটর প্রতিষ্ঠান বিষয়টি থানায় জানায়নি।