জাহাজে চাকরি দেওয়ার নামে প্রতারণা
জাহাজে চাকরি দেওয়ার কথা বলে ২২ মেরিন ক্যাডেটের কাছ থেকে প্রায় সাত লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন জাহাজে নাবিক সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা। তবে যাবতীয় দায় অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার।
টাকা নিয়ে উধাও হওয়া ব্যক্তির নাম ইমামউদ্দিন ইমন। তিনি ‘মেরিন এজেন্সি সার্ভিসেস (ম্যাস)’ নামে একটি ‘ম্যানিং ও শিপিং এজেন্সি’তে কাজ করতেন। প্রতিষ্ঠানটি বিভিন্ন জাহাজে নৌ পেশাজীবী সরবরাহ করে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশ মেরিন একাডেমি থেকে পাস করে বের হওয়া ৪৮তম ব্যাচের কয়েকজন ছাত্র চাকরির জন্য ম্যাস একাডেমিতে জীবনবৃত্তান্ত জমা দেন। সে জীবনবৃত্তান্তের সূত্র ধরে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ইমামউদ্দিন ইমন কয়েকজনকে ফোন করে অফিসে যেতে বলেন। সবাইকে একসঙ্গে ডাকা হয়নি। একেকজনকে একেক সময় ডেকে তাঁদের পাসপোর্টের অনুলিপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের অনুলিপিসহ যাবতীয় কাগজপত্র নেন ইমামউদ্দিন। চাকরিপ্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। এরপর প্রতিষ্ঠানের কাগজে চুক্তি স্বাক্ষর করেন ইমামউদ্দিন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, ‘ইমামউদ্দিন আমাকে বলেছিলেন, ৩৫ হাজার টাকা দিলে আমাকে অন্যদের আগে জাহাজে তুলে দেওয়া হবে। একই সঙ্গে এ কথা অন্যদের জানাতেও নিষেধ করেন তিনি। দ্রুত চাকরির আশায় ধার করে গত ৯ জুন টাকা িদই তাঁকে। কিন্তু ১৭ তারিখে জানতে পারি ইমামউদ্দিন চাকরি ছেড়ে চলে গেছেন। শুধু আমি নই, মোট ২২ জনের কাছ থেকে একই কথা বলে টাকা নিয়েছেন তিনি।’
জানা গেছে, জুন ৩ তারিখ থেকে ১৬ তারিখের মধ্যে পৃথকভাবে ২২ জনের কাছ থেকে টাকা নেন ইমামউদ্দিন। ঘটনা জানাজানি হওয়ার পর চলতি মাসের ১৮ জুন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কাশেমের সঙ্গে দেখা করেন ভুক্তভোগী ক্যাডেটরা।
ঘটনার বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কাশেমকে। তবে এজেন্সির নির্বাহী পরিচালক ওসমান গণি প্রথম আলোর কাছে দাবি করেন, প্রতিষ্ঠানের গোপন তথ্য অন্য এজেন্সির কাছে পাচার করার দায়ে ইমামউদ্দিনকে দুই সপ্তাহ আগে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ইমামউদ্দিনের সঙ্গে ক্যাডেটদের যোগাযোগের বিষয়ে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিছুই জানতেন না।
ভুক্তভোগীদের আরেকজন অভিযোগ করেন, ‘ইমামউদ্দিনের সঙ্গে কথোপকথনের রেকর্ড আছে আমাদের কাছে। পুলিশকেও সেটি দিয়েছি।’
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘ছেলেগুলো দ্রুত চাকরির লোভে পড়ে কোনো ধরনের ডকুমেন্ট ছাড়া টাকা লেনদেন করেছে। তার পরও আমরা ইমামউদ্দিনকে ধরার চেষ্টা করছি।’