জাহাজে চুরি করতে গিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ বাণিজ্যিক জাহাজে চুরি করে পালানোর সময় বুধবার দিবাগত রাতে তিনজনকে আটক করে কোস্টগার্ড। পরে তাদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।মৃত ব্যক্তির নাম মোহাম্মদ শাহীন (৩০)। তাঁর বাড়ি বাগেরহাটের মংলায়। অপর দুজনের নাম মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ খলিল। সিরাজের বাড়ি ভোলায় এবং খলিলের বাড়ি মংলায়।কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার মধ্যরাতে বহির্নোঙরে অপেক্ষমাণ বাণিজ্যিক জাহাজ এমটি আন্দাকিনি থেকে টহলরত কোস্টগার্ডের সদস্যদের বলা হয়, একদল জলদস্যু তাদের জাহাজ থেকে রশি নিয়ে গেছে। টহল দলের সদস্যরা বাণিজ্যিক জাহাজ আন্দাকিনির কাছে গিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা দেখতে পান। কোস্টগার্ডের সদস্যরা নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে করে সেটিকে ধাওয়া করে নৌকায় থাকা তিন জলদস্যুর মধ্যে দুজনকে আটক করেন। এ সময় অন্যজন সাগরে ঝাঁপ দেন। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সূত্র জানায়, কোস্টগার্ডের সদস্যরা ওই নৌকা থেকে ১০০ মিটার রশি, একটি চাপাতি ও দুটি ছুরি উদ্ধার করেছেন।