জাহাজে ডাকাতি, আটক ১৬
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অর্ধনিমজ্জিত চালবাহী জাহাজ হ্যাং রো বং ও আরেকটি বিদেশি জাহাজে ডাকাতির চেষ্টাকালে ১৬ জনকে আটক করেছে কোস্টগার্ড। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্টগার্ড এই অভিযান চালায়। এ সময় জলদস্যুদের ইঞ্জিনচালিত দুটি নৌকা ও অন্যান্য সরঞ্জাম আটক করা হয়। এ ছাড়া পৃথক অভিযানে চোরাই সেগুন কাঠ ও বিদেশি মদ উদ্ধার করে কোস্টগার্ড। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে বঙ্গ লঙ্কা নামের একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে হ্যাং রো বং জাহাজের তলা ফেটে যায়। পরে আস্তে আস্তে এটি ডুবে যেতে থাকে। ওই জাহাজে ৫০ কোটি টাকার সরকারি চাল ছিল। ডুবে যাওয়ার সুযোগে জলদস্যুরা ইঞ্জিনচালিত নৌকায় করে ওই জাহাজে উঠে লুটপাট শুরু করে। বিষয়টি টের পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে কোস্টগার্ড।কোস্টগার্ড পূর্বাঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার এ এফ এম আহসান উদ্দীন বলেন, ১৬ জন জলদস্যু ছাড়াও দুটি নৌকা ও প্রায় ১০ লাখ টাকার লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। আটক জলদস্যু এবং উদ্ধার করা মালামাল পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।