চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি জাহাজে সশস্ত্র ডাকাতির ঘটনায় জাহাজটির একজন বিদেশি কর্মকর্তা ছুরিকাহত হয়েছেন। ডাকাতেরা মারকো স্কারোবোনজা (৪০) নামের কর্মকর্তার মাথায় ছুরিকাঘাত করে। গতকাল শনিবার ভোররাতে ‘এ’ নোঙর এলাকায় এ ঘটনা ঘটে।মারকো ক্রোয়েশিয়ার নাগরিক। তিনি এমভি হানা নামের জাহাজটির দ্বিতীয় কর্মকর্তা। জাহাজের স্থানীয় প্রতিনিধি এসএস সার্ভিসের কর্মীরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি এখন শঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানান।বন্দর সূত্র জানায়, ৪০ হাজার ২০০ টন সিমেন্ট ক্লিংকার নিয়ে এমভি হানা বন্দরে আসে ১৭ জানুয়ারি। এসএস সার্ভিসের ব্যবস্থাপক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ডাকাতির চেষ্টার সময় মারকো বাধা দিলে ডাকাতেরা তাঁকে ছুরিকাঘাত করে। ঘটনার পরপরই বন্দরের বেতার নিয়ন্ত্রণকক্ষ ও কোস্টগার্ডকে জানানো হয়। কিন্তু কুয়াশার কারণে তাদের ঘটনাস্থলে যেতে দেরি হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘হাসপাতালে যখন ওনাকে (মারকো) আনা হয়, তখন প্রায় দুই ফুট লম্বা ছোরাটা মাথার নিচের মাংশপেশিতে লাগানো অবস্থায় ছিল। পরে চিকিৎসকেরা প্রায় দুই ঘণ্টা অস্ত্রোপচার করে সেটি বের করেন।’বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ছিঁচকে চোরেরা এ ঘটনা ঘটিয়েছে।