জাহাজে লুকিয়ে সিঙ্গাপুর যাত্রা মাঝপথে আটক
চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনারবাহী একটি জাহাজে লুকিয়ে সিঙ্গাপুরে যাওয়ার সময় মো. রিপন নামের এক বাংলাদেশি আটক হয়েছেন। সিঙ্গাপুর বন্দর হয়ে একই জাহাজে তাঁকে আজ মঙ্গলবার দেশে ফিরিয়ে আনা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।রিপনের বাড়ি খুলনার কোতোয়ালি থানার বি-বাড়িয়া এলাকায়। এর বেশি তাঁর সম্পর্কে জানা যায়নি।এর আগে গত বছরের ১ এপ্রিল একই জাহাজে একটি কনটেইনারে আটকে পড়া দুজনকে সিঙ্গাপুর পাসির পানজাং টার্মিনাল থেকে উদ্ধার করা হয়েছিল। এর মধ্যে দীন ইসলাম নামের এক শ্রমিককে জীবিত উদ্ধার করা হলেও আল আমিন নামে আরেক শ্রমিক মারা যান।চট্টগ্রাম বন্দর ও জাহাজ পরিচালনাকারী কোম্পানি সূত্রে জানা যায়, ১১ ফেব্রুয়ারি রপ্তানি পণ্যভর্তি কনটেইনার নিয়ে এমভি হ্যানসা ক্যালিডোনিয়া জাহাজটি চট্টগ্রাম বন্দর ছেড়ে যায়। জাহাজটি ছেড়ে যাওয়ার আগে জাহাজে উঠে কনটেইনারের ফাঁকে লুকিয়ে পড়েন রিপন। পরদিন ১২ ফেব্রুয়ারি সাগরে চলমান জাহাজের নাবিকেরা রিপনকে দেখতে পেয়ে আটক করেন।বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, জাহাজটি ১৬ ফেব্রুয়ারি সিঙ্গাপুর বন্দরে পৌঁছার পর এর ক্যাপ্টেন সিঙ্গাপুর বন্দর কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানান। এরপর সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে আলোচনার পর জাহাজে আটক থাকা রিপনকে একই জাহাজে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়।এমভি হ্যানসা ক্যালিডোনিয়া জাহাজ পরিচালনাকারী সি কনসোর্টিয়াম বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এ এস চৌধুরী প্রথম আলোকে বলেন, ১৭ ফেব্রুয়ারি জাহাজটি সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে আবার রওনা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সেটি চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়তে পারে। এই জাহাজেই রিপন রয়েছেন। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে তিনি জানান।বন্দর সূত্রে জানা যায়, বন্দরের নিরাপত্তা বিভাগ থেকে অস্থায়ী পাস নিয়ে সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে হয়। রিপন কীভাবে বন্দরে প্রবেশ করেছেন, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এ ব্যাপারে গতকাল পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠিত হয়নি। রিপন আসার পর বিষয়টি নিয়ে তদন্ত হবে বলে বন্দর কর্মকর্তারা জানান।