জাহাজে ১০০ নাবিক নিয়োগে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শিপিং মাস্টারের বিরুদ্ধে বিদেশি জাহাজে প্রায় ১০০ নাবিক নিয়োগে জালিয়াতির অভিযোগ উঠেছে। সরকারি সংস্থা শিপিং মাস্টারের দপ্তর থেকে বিদেশি জাহাজে নাবিকদের অনুকূলে ধারাবাহিক নিষ্কৃতি সনদ (সিডিসি) দেওয়া হয়। সিডিসিতে একজন নাবিকের চাকরিজীবনের হিসাব সংরক্ষণ করা থাকে।জানা গেছে, নিয়ম অনুযায়ী একজন নাবিকের যাবতীয় তথ্য ও চাকরি হওয়া জাহাজের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করে সিডিসি ইস্যুর জন্য শিপিং মাস্টারের দপ্তর থেকে সমুদ্র পরিবহন অধিদপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়। অধিদপ্তর ওই প্রস্তাবনার ভিত্তিতে সিডিসি ইস্যুর অনুমোদন দেয়। এরপর শিপিং মাস্টারের কার্যালয় থেকে সিডিসি ইস্যু হয়। বর্তমানে বিভিন্ন সমুদ্রগামী জাহাজে প্রায় ছয় হাজার বাংলাদেশি নাবিক কাজ করছেন। বছরে তাঁরা অন্তত দুই হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জন করেন।জানতে চাইলে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জোবায়ের আহমদ প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের শিপিং মাস্টারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে সরকারি একটি তদন্ত কমিটি। শিপিং মাস্টারের জালিয়াতির কারণে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে। একই সঙ্গে নাবিকদের চাকরির সুযোগও নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।অভিযোগ পাওয়া গেছে, চট্টগ্রামের শিপিং মাস্টার শেখ আলী আম্বিয়া জালিয়াতির মাধ্যমে ২০০৮ এবং ২০০৯ সালে অন্তত ১০০ নাবিককে সিডিসি ও ভুয়া নিয়োগপত্রের বিপরীতে বিদেশি জাহাজে চাকরির সুযোগ করে দেন। এ জন্য তিনি নিকটাত্মীয়দের মালিকানাধীন অন্তত তিনটি প্রতিষ্ঠানের সহায়তা নেন। এগুলো হলো বেসরকারি নাবিক প্রশিক্ষণ কেন্দ্র ‘মেরিটাইম ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এবং নাবিক সংগ্রহকারী প্রতিষ্ঠান মেসার্স প্রবর্তনা ট্রেডার্স ও মেসার্স কনসেপ্ট শিপিং। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে নাবিকদের সিডিসি এবং চাকরি দেওয়ার বিনিময়ে পাঁচ-ছয় লাখ টাকা করে অবৈধভাবে নেওয়া হয়। সে হিসাবে ১০০ নাবিক থেকে জালিয়াতির মাধ্যমে প্রায় পাঁচ-ছয় কোটি টাকা নেওয়া হয়েছে।জানা গেছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে সমুদ্র পরিবহন অধিদপ্তর শিপিং মাস্টারের বিরুদ্ধে এসব অভিযোগ তদন্তে দুই সদস্যের একটি কমিটি করে। নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের পরিচালক মো. মাহফুজুল কাদের ও উপপরিচালক মো. নজরুল ইসলামের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি গত বছরের মাঝামাঝি সমুদ্র পরিবহন অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল বজলুর রহমানের কাছে তদন্ত প্রতিবেদন পেশ করে। ১০ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়, ওই তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক লেনদেনের বিনিময়ে জাহাজের ক্যাডেট নিয়োগে চরম অনিয়ম হয়েছে। শিপিং মাস্টার আলী আম্বিয়ার প্রত্যক্ষ সহযোগিতা না থাকলে কোনোভাবেই এ ধরনের অনিয়ম সম্ভব হতো না।প্রতিবেদনে বলা হয়, ওই তিনটি প্রতিষ্ঠানের মধ্যে অন্তত দুইটির (প্রবর্তনা ও কনসেপ্ট শিপিং) মালিক শিপিং মাস্টারের আত্মীয় হওয়ায় তাঁর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকা অমূলক নয়।তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ মাহফুজুল কাদের গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘তদন্তে শিপিং মাস্টারের বিরুদ্ধে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের সত্যতা পাওয়া গেছে। এ জন্য শিপিং মাস্টারকে বদলিসহ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছি।’অভিযোগ পাওয়া গেছে, প্রায় এক বছর আগে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হলেও আলী আম্বিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিবেদনের সুপারিশ যাতে বাস্তবায়িত না হয়, সে জন্য তিনি নানাভাবে তদবির করছেন। তদন্তের বিষয়টি স্বীকার করে শেখ আলী আম্বিয়া অভিযোগ করেন, তদন্ত কমিটি পক্ষপাতমূলক প্রতিবেদন দিয়েছে। তারা আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কোনো সত্যতা বের করতে না পেরে মনগড়া প্রতিবেদন দিয়েছে।