চট্টগ্রাম বন্দর পরিস্থিতির উন্নতি হওয়ায় সপ্তাহের মধ্যে কনটেইনার জাহাজের গড় অবস্থান আড়াই থেকে তিন দিনে নেমে আসবে বলে বন্দর কর্তৃপক্ষ আশা করছে। বর্তমানে এসব কনটেইনার জাহাজের পণ্য খালাস করতে চার থেকে সাড়ে চার দিন লাগছে।গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম বন্দর ভবনের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে বন্দরসচিব ফরহাদ উদ্দিন আহমেদ এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বন্দর সেনানিরাপত্তা কেন্দ্রের সমন্বয়কারী মেজর মো. শাহরিয়ার মোর্শেদ উপস্থিত ছিলেন।বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বলেন, গত ৬ অক্টোবর ৪১ সদস্যের বন্দর উপদেষ্টা কমিটি গঠনের পর আগামী ২৭ অক্টোবর কমিটির প্রথম সভা হবে। বন্দর ব্যবস্থাপনা উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরামর্শ দিতে কমিটির সদস্যদের কাছে চিঠি দেওয়া হয়েছে। এ পরামর্শের আলোকে বৈঠকে আলোচনা হবে। ব্রিফিংয়ে মেজর মো. শাহরিয়ার মোর্শেদ বলেন, বন্দর কর্তৃপক্ষকে সহায়তা করতে পুলিশ ও র্যাবের পাশাপাশি সেনাবাহিনী সহায়তা করছে। বন্দর এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বন্দরের সুনির্দিষ্ট স্থানে ১৩টি দল এবং ভ্রাম্যমাণ ছয়টি দল দিন-রাত ২৪ ঘণ্টা তদারক করছে। বন্দর এলাকায় কেউ যাতে সন্ত্রাসী কার্যকলাপ করতে না পারে সে জন্য সেনাবাহিনী কাজ করছে। বন্দরসচিব বলেন, সেনাবাহিনী মোতায়েনের পর বন্দরে পুরোপুরি কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। তিনি গত ২৪ ঘণ্টায় জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো ও বন্দরের বাইরে সরবরাহ বৃদ্ধি এবং কমলাপুর আইসিডিগামী কনটেইনারের জট কমার চিত্র তুলে ধরেন। বন্দরসচিব বলেন, বন্দরে রোববার চারটি জাহাজ পণ্য খালাস শেষে জেটি ত্যাগ করেছে। বন্দরে পণ্যবাহী জাহাজের সংখ্যা কমে এখন ৭৯টি হয়েছে। মূল ১৬ জেটিতে ১৬টি জাহাজে পণ্য ওঠানো-নামানো চলছে। শ্রমিকদের দাবিদাওয়াকে কেন্দ্র করে বন্দরে টানা ছয় দিন এক জেটি থেকে পর্যায়ক্রমে ১২ জেটিতে কাজ বন্ধ ছিল। গত বুধবার বিকেলে বন্দরে সেনা মোতায়েন করে কাজ শুরু করা হয়।