জাহাজের ধাক্কায় নৌকাডুবি আহত ২, নিখোঁজ ১
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল এলাকায় সোমবার গভীর রাতে তেলবাহী জাহাজের ধাক্কায় নৌকাডুবিতে দুইজন আহত হয়েছেন ও একজন নিখোঁজ রয়েছেন। আহতরা হলেন, ষাটনল গ্রামের জেলে হাবিব উল্যাহ (৩৫) ও আবু মিয়া (২৫)। নিখোঁজ রয়েছেন ওই গ্রামের আলী আকবর (৪৫)। আহত আবু মিয়া বলেন, ‘সোমবার গভীর রাতে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী একটি তেলবাহী জাহাজ হঠাৎ আমাদের নৌকার ওপর উঠিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যে নৌকা ও আমরা তলিয়ে যাই। নদীতে থাকা অন্য জেলেরা আমাদের দুজনকে উদ্ধার করেন। কিন্তু আলী আকবরসহ নৌকা ও জাল আর খুঁজে পাওয়া যায়নি।’ নৌকার মালিক আহত হাবিব উল্যাহ বলেন, ‘দুর্ঘটনায় আমি সর্বস্বান্ত হয়ে গেছি। এতে আমার দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’ নিখোঁজ আলী আকবরের সন্ধানে মেঘনা নদীর তীরবর্তী এলাকায় মাইকিং করা হচ্ছে। নিখোঁজ আলী আকবরের স্ত্রী হ্যাপী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার কর্তা যদি না থাকে তাহলে আমার সংসার কে চালাবে। আমি এখন মেয়ে নিয়ে কোথায় যাব?’ মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুস্তম আলী শিকদার বলেন, ‘এ দুর্ঘটনা সম্পর্কে আমাদের কেউ জানায়নি।’