১০ ট্রাক অস্ত্র আটক মামলার অধিকতর তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান চৌধুরী বঙ্গবোরাক জাহাজের মালিকের নাম স্মরণ করতে পারছেন না বলে জানিয়েছেন। তদন্তের নথি দেখেও তা বলা সম্ভব নয় বলে আদালতকে জানিয়েছেন তিনি।
গতকাল বুধবার চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মুজিবুর রহমানের আদালতে আসামি দীন মোহাম্মদের আইনজীবী মোহাম্মদ তারেকের জেরার সময় এক প্রশ্নের জবাবে মনিরুজ্জামান এসব কথা বলেন।
১০ ট্রাক অস্ত্র আটক মামলার অধিকতর তদন্তের সময় ‘বঙ্গবোরাক’ জাহাজ এবং এর মালিকানার বিষয়ে তদন্ত করেছিলেন মো. মনিরুজ্জামান চৌধুরী।
অস্ত্র যে জাহাজে করে বাংলাদেশে আনা হয়েছে সেই জাহাজের মালিকানা নিয়ে কোনো তদন্ত হয়েছে কি না, জানতে চাইলে মনিরুজ্জামান আরও বলেন, ‘আমি বঙ্গবোরাক জাহাজে গিয়ে কিছুটা তদন্ত করেছি। সেই জাহাজের মালিকানাও নির্ধারণ করেছিলাম। তবে মালিকের নাম মনে নেই।’
মামলার নথি দেখে নাম বলার জন্য বললে মনিরুজ্জামান বলেন, ‘এত বড় নথি দেখে নাম বলা সম্ভব নয়।’ নথি পর্যালোচনার জন্য তাঁকে দুই দিন সময় দেওয়ার জন্য আদালতের কাছে মৌখিকভাবে আবেদন করেন আইনজীবী। তবে আদালত সময় না দিয়ে তদন্তকারী কর্মকর্তা যা জবাব দিয়েছেন, তা নথিতে অন্তর্ভুক্ত করেন।
এ ছাড়া আসামি মোহসীন উদ্দিন তালুকদারের আইনজীবী ফজলুল করিম ভূঁইয়া অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানকে অসমাপ্ত জেরা গতকাল শেষ করেন। এরপর পলাতক আসামি নূরুল আমিন ও পরেশ বড়ুয়ার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরাও তাঁদের জেরা শেষ করেন। পরে আসামি মতিউর রহমান নিজামীর আইনজীবীর জেরা অসমাপ্ত অবস্থায় আদালত মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন।
২০০৪ সালের ১ এপ্রিল চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্রের চালানটি ধরা পড়ে।
এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র আইনে ও চোরাচালানের অভিযোগে দুটি মামলা হয়। মামলা দুটির সাক্ষ্য গ্রহণ চলাকালে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাষ্ট্রপক্ষের তৎকালীন কৌঁসুলির আবেদনের পরিপ্রেক্ষিতে অধিকতর তদন্তের আদেশ দেন আদালত।