জাহাজ-সংকটে পণ্য পরিবহন ব্যয় বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইটার জাহাজ-সংকটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে পণ্য খালাসের কাজ ব্যাহত হচ্ছে। এতে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন বন্দর ব্যবহারকারীরা। তবে শেষ পর্যন্ত এই আর্থিক ক্ষতি আদায় হবে ভোক্তার কাছ থেকে। এ পরিস্থিতির মোকাবিলায় কার্যকর উদ্যোগ না নিয়ে উল্টো সমুদ্র পরিবহন অধিদপ্তর অভ্যন্তরীণ নদীপথে পণ্য পরিবহনে নতুন জাহাজ নির্মাণের অনুমোদন বন্ধের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।
পণ্যবাহী বড় জাহাজ চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়তে না পারায় সাগর থেকে লাইটার জাহাজে পণ্য স্থানান্তর করতে হয়। লাইটার জাহাজ বরাদ্দকারী বেসরকারি সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি) প্রতিদিন সভা করে বহির্নোঙর থেকে পণ্য খালাসের জন্য আমদানিকারকদের জাহাজ বরাদ্দ দেয়। কিন্তু জাহাজ-স্বল্পতার কারণে গত বছরের ২২ অক্টোবর প্রথমবারের মতো ওই সভা করতে পারেনি ডব্লিউটিসি। ২৪ অক্টোবরও একই ঘটনা ঘটে। এরপর প্রতি মাসেই এমন ঘটনা ঘটছে। চাহিদানুযায়ী জাহাজ বরাদ্দ পাচ্ছেন না আমদানিকারকেরা।
লাইটার জাহাজ-সংকটের মধ্যেই সমুদ্র পরিবহন অধিদপ্তর গত ১ ডিসেম্বর জাহাজ নির্মাণের অনুমোদন বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয়, ‘...পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ সকল প্রকার কার্গো ভেসেলের নকশা অনুমোদন আপাতত স্থগিত করা হলো।’
জানতে চাইলে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জাকিউর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, পর্যাপ্ত লাইটার জাহাজ থাকায় জাহাজ নির্মাণের অনুমোদন না দেওয়ার একটি অলিখিত সিদ্ধান্ত ছিল। তবে নতুন করে সব জাহাজ নির্মাণ বন্ধের সার্কুলার জারির বিষয়টি জানা নেই। তিনি বলেন, পণ্য পরিবহনের জাহাজ-সংকটের বিষয়টি আনুষ্ঠানিকভাবে কেউ তাঁকে জানায়নি। সংকট হলে বিষয়টি ভেবে দেখা হবে।
তবে সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও জাহাজ জরিপকারক এ কে এম ফখরুল ইসলাম প্রথম আলোর কাছে ওই বিজ্ঞপ্তি জারির বিষয়টি স্বীকার করেন। এ বিষয়ে বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, বহির্নোঙরে পণ্য খালাসের বিষয়টি আমদানিকারক ও জাহাজ বরাদ্দকারী সংস্থাগুলোর ওপর নির্ভর করে। কিন্তু বড় জাহাজ থেকে পণ্য খালাস ধীরগতিতে হলে বন্দরের গতিশীলতায় প্রভাব পড়বে। এ জন্য জাহাজ নির্মাণ বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে বন্দরের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত।
এস আলম গ্রুপের আমদানি করা ৫৩ হাজার টন চিনি নিয়ে গত বছরের ৩০ ডিসেম্বর বন্দরের বহির্নোঙরে ভেড়ে জাহাজ এমভি ডারিয়া ব্রামা। গতকাল সকাল পর্যন্ত এই জাহাজ থেকে পণ্য খালাস হয়েছে ৩৪ হাজার ১৫২ টন।
এস আলম গ্রুপের শিপিং কোম্পানি বেরিং শিপিং লাইনসের ব্যবস্থাপক আহমেদ মইনুদ্দিন প্রথম আলোকে বলেন, সপ্তাহে শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন ন্যূনতম তিন হাজার টন করে খালাস করা হবে—এই শর্তে জাহাজ ভাড়া করা হয়েছিল। সেই হিসাবে সময় পেরিয়ে গেছে। সোমবার (আজ) থেকে প্রতিদিন ১২ হাজার ৫০০ ডলার করে ক্ষতিপূরণ দিতে হবে জাহাজমালিককে। চাহিদানুযায়ী লাইটার জাহাজ না পাওয়ায় এই ক্ষতিপূরণ গুনতে হচ্ছে। জাহাজে এখনো ১৮ হাজার ৮৪৮ টন পণ্য রয়ে গেছে।
বন্দর সূত্র জানায়, গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত লাইটার জাহাজের মাধ্যমে খালাস হয় এমন পণ্য (গম, চিনি, ডাল, ভুট্টা, সার, শিল্পপণ্যের কাঁচামাল ইত্যাদি) প্রতি মাসে গড়ে ২২ লাখ ২৮ হাজার টন আমদানি হয়। কিন্তু ওই বছরের অক্টোবর মাস থেকে আমদানি বেড়ে যাওয়ায় জাহাজের সংকট দেখা দেয়। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে গড়ে ২৭ লাখ ১৬ হাজার টন করে পণ্য আমদানি হয়েছে। অর্থাৎ, প্রতি মাসে গড়ে ৪ লাখ ৮৮ হাজার টন পণ্য আমদানি বাড়ায় জাহাজের সংকট দেখা দিয়েছে।
ওয়াটার ট্রান্সপোর্ট সেলের আওতাধীন ৪৫০ জন মালিকের জাহাজ আছে ৭৫০টি। এর বাইরে ১১টি শিল্প গ্রুপ নিজেদের পণ্য পরিবহনের জন্য নিজস্ব ও ভাড়ায় ১৭৯টি জাহাজ পরিচালনা করছে। অর্থাৎ বন্দর থেকে নদীপথে পণ্য আনা-নেওয়ার জন্য জাহাজ আছে ৯২৯টি। এসব জাহাজের গড় ধারণক্ষমতা ১ হাজার ২০০ টন। প্রতিনিয়ত মেরামতের কারণে ১০ শতাংশ জাহাজ সব সময় পাওয়া যায় না।
ডব্লিউটিসি ও শিল্পমালিকদের তথ্য অনুযায়ী, ৯২৯টি লাইটার জাহাজ দিয়ে বন্দর থেকে দেশের নানা প্রান্তে মাসে ২৪ থেকে ২৫ লাখ টন পণ্য পরিবহন করা যায়। এখন বন্দর দিয়ে পণ্য আমদানি হচ্ছে ২৮ লাখ টনের বেশি। এ অবস্থা সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।
আমদানিকারক ও প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক গতকাল প্রথম আলোকে বলেন, ‘পণ্য আমদানি বাড়তে থাকায় আড়াই হাজার টন করে ধারণক্ষমতার আরও ৫০০ লাইটার জাহাজ দরকার।
তবে ওয়াটার ট্রান্সপোর্ট সেলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘সংকট আছে, তবে তা কৃত্রিম। নতুন করে ৫০০ জাহাজ নামানো হলেও সংকট কাটবে না। কারণ দেশের বিভিন্ন ঘাটে নিয়মিত ৫০০ জাহাজ পণ্য নিয়ে খালাসের অপেক্ষায় থাকে। পণ্য আমদানি বাড়লেও ঘাট ও গুদামে তা রাখার জায়গা নেই।
এ বিষয়ে বন্দর ব্যবহারকারী ফোরাম ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, পণ্য পরিবহনের খরচ বাড়লে প্রথমে আমদানিকারকেরা পরিশোধ করেন। তবে এই খরচ যোগ করে পণ্য বিক্রি করতে হয় আমদানিকারকদের। ফলে পণ্য কেনার সময় ভোক্তারা পরোক্ষভাবে এই খরচ দেন। তিনি বলেন, এখন আমদানি বাড়ছে। পণ্য পরিবহনের জন্য জাহাজ নির্মাণের অনুমতি না দেওয়া মানে এই খরচ বাড়ার দায় তাদের (সমুদ্র পরিবহন অধিদপ্তর) নিতে হবে। এটি একপেশে সিদ্ধান্ত।