প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমালি জলদস্যুদের হাতে অপহূত বাংলাদেশি জাহাজ এমভি জাহান মণি এবং এর ২৬ নাবিককে উদ্ধারে আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) সহযোগিতা চেয়েছেন। গত শুক্রবার লন্ডনে আইএমওর মহাসচিব ইফথিমিওস মিট্রোপোলস প্রধানমন্ত্রীর সঙ্গে হোটেল হিল্টনে তাঁর কক্ষে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা চান। খবর বাসসের।এমভি জাহান মণি ও এর নাবিকদের অপহরণে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর দেশ চায় নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইএমও দস্যুতার এই প্রবণতা বন্ধ করুক। তিনি বলেন, অনুরোধ পেলে বাংলাদেশ সোমালিয়া এবং এর আশপাশে জলদস্যুতা দমনে নিয়োজিত টাস্কফোর্সে যোগ দেবে।বৈঠকে আইএমওর মহাসচিব নাবিকদের আধুনিক প্রশিক্ষণ প্রদানসহ বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্প ও জাহাজ রিসাইক্লিং শিল্প বিকাশে সহযোগিতার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন।পরে ইউরোপীয় পার্লামেন্টের লন্ডনবিষয়ক সদস্য চার্লস টানোক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে চার্লস টানোক জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং এ ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দীন, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদুর রহমান খান উপস্থিত ছিলেন।