জাহান মণির খাবার, পানি ও তেল শেষ, দুর্ভোগে নাবিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার জলদস্যুদের হাতে আটক বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি জাহান মণির নাবিকদের খাবার, পানি ও তেল ফুরিয়ে গেছে। গতকাল রোববার জাহাজের মালিকানা প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের কার্যালয়ে গিয়ে নাবিকদের স্বজনেরা বিষয়টি জানিয়ে দ্রুত তাঁদের ফিরিয়ে আনার দাবি জানান।এসআর শিপিংয়ের মালিক মো. শাহজাহান ও মহাব্যস্থাপক মেহেরুল করিম নাবিকদের স্বজনদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা কথা বলেন। তাঁদের সঙ্গে আলোচনার পর একজন নাবিকের মা প্রথম আলোকে বলেন, ‘আমাদের ছেলেরা তিল তিল করে মৃত্যুর দিকে যাচ্ছে। জাহাজের তেল, খাবার ও পানি শেষ হয়ে গেছে। তারা এখন মানবেতর জীবন যাপন করছে। সাগরের পানিতে গোসল করায় চর্মরোগ দেখা দিয়েছে।’নাম প্রকাশ না করার শর্তে এক নাবিকের স্ত্রী জানান, ‘আমার স্বামী যা বলেছেন, তাতে মনে হয়, ওঁরা ভালো নেই। খাবার, পানি, জ্বালানি—সবই শেষ হয়ে গেছে। এরই মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। জেনারেটর বন্ধ থাকায় ফ্রিজে থাকা খাবার নষ্ট হয়ে গেছে। আমার স্বামী জানতে চেয়েছেন, দেশ থেকে তাঁদের উদ্ধারের কোনো চেষ্টা হচ্ছে কি না। আমি এর কোনো জবাব দিতে পারিনি।’জাহাজের মালিক শাহজাহান বলেন, এক সপ্তাহ ধরে জলদস্যুরা তাঁদের সঙ্গে যোগাযোগ করছে না। তাঁদের ওপর কয়েক দিন ধরে বিভিন্ন দেশের নৌবাহিনীর অভিযান চলছে। এ কারণে হয়তো তারা যোগাযোগ বন্ধ রেখেছে। মুক্তিপণ দিতে গড়িমসির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, রোববার নাবিকদের স্বজনেরা তাঁর কাছে এসেছিলেন। তিনি তাঁর পক্ষে সম্ভাব্য সবকিছু করার আশ্বাস দিয়েছেন।গত ৫ ডিসেম্বর আরব সাগরের ভারতীয় উপকূল থেকে ২৬ জন বাংলাদেশি নাবিকসহ জাহান মণি সোমালিয়ার জলদুস্যদের কবলে পড়ে। তাঁদের মুক্তির বিনিময়ে ৯০ লাখ মার্কিন ডলার দাবি করে দস্যুরা। এ নিয়ে জাহাজের মালিকপক্ষের সঙ্গে তাদের কয়েক দফা দর-কষাকষি হয়।