জাহান মণির নাবিকের ঘরে নতুন অতিথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিৎকার করে কান্না দিয়ে শিশুটি পৃথিবীর বুকে আসার কথা জানান দিল। সদ্য ভূমিষ্ঠ শিশুটির আগমনে খুশির বার্তা বয়ে যাওয়ার কথা স্বজনদের মধ্যে। খুশির ঝিলিক বয়ে যাওয়ার কথা মায়ের চোখেমুখে। কিন্তু সদ্য প্রসববেদনামুক্ত সরাজিন চৌধুরীর চোখে পানি। বিমর্ষ দাদি হোসনে আরা বেগম ও স্বজনেরা। কারণ, খুশির এই মুহূর্তে নতুন এই অতিথির বাবা নেই পাশে। তিনি যে এখন সোমালিয়ার জলদস্যুদের হাতে বন্দী!জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ জাহান মণির দ্বিতীয় প্রকৌশলী মো. মঈনুদ্দিনের স্ত্রী সারজিন গতকাল রোববার দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লায় একটি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম দিয়েছেন তাঁর প্রথম সন্তান। সারজিন কাঁদতে কাঁদতে বলেন, ‘এত দিন সে আমাকে কিছুই বলত না। জিজ্ঞেস করলেই বলত, ভালো আছি। কিন্তু সর্বশেষ গত বৃহস্পতিবার ফোনে সে বলেছে, তাদের খাবার ফুরিয়ে এসেছে। জাহাজের তেল ফুরিয়ে গেছে আগেই।’ এমন খুশির দিনে স্বামীর কাছে না থাকাটা পোড়াচ্ছে সারজিনের মতো স্বজনদের। হাসপাতালের অস্ত্রোপচার টেবিলে যাওয়ার আগে বন্ডে সই করার কথা ছিল মঈনুদ্দিনের। গত ১ জানুয়ারি চোখের পানিতে ভেসে গেছে তাঁদের প্রথম বিবাহবার্ষিকী। কথা ছিল, বিবাহবার্ষিকী জাঁকজমকভাবে পালন করবেন তাঁরা। তার আগেই গত ৫ ডিসেম্বর আরব সাগরে মঈনুদ্দিনসহ ২৫ বাংলাদেশি নাবিকসহ ২৬ জন সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হন। সর্বশেষ ফোনে সারজিনের সঙ্গে মঈনুদ্দিনের পাঁচ মিনিট কথা হয়। মঈনুদ্দিন ফোনে আকুতি জানান, স্বজনেরা যেন জাহাজমালিকের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মুক্তির ব্যবস্থা করেন। ফোনে মঈনুদ্দিন তাঁর অনাগত সন্তান সম্পর্কে জানতে চেয়েছিলেন। কিন্তু আজ সেই সন্তান জন্মের খবরটি পাননি মঈনুদ্দিন। গতকাল হাসপাতালে দেখা যায়, মঈনুদ্দিনের মা হোসনে আরা নাতিকে কোলে নিয়ে বসে আছেন। কিন্তু তিনি বিমর্ষ। একইভাবে সারজিনের বাবা ইকবাল হোসেন, মা সুলতানা বেগম, ভাই আলাউদ্দিনের চোখেমুখেও দুশ্চিন্তার ছাপ।