জাহানারা ইমাম নামটি প্রেরণা ও শক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘাতক দালালদের বিচারের দাবিতে আন্দোলনের সূত্রপাত করেন শহীদ জননী জাহানারা ইমাম। প্রতীকী বিচারও করেন। কিন্তু এখনো যুদ্ধাপরাধীদের বিচার হয়নি। যত দিন এই বিচার না হবে, তত দিন জাহানারা ইমামের নামটি প্রেরণা ও শক্তি হিসেবে কাজ করবে।গতকাল বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত শহীদ জননী জাহানারা ইমাম শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এতে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করারও তাগিদ দেওয়া হয়।অনুষ্ঠানের মুখ্য আলোচক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম বলেন, ‘ক্যানসারে আক্রান্ত হয়ে চরম অসুস্থতা নিয়েও জাহানারা ইমাম ঘাতকদের বিচারে আন্দোলন করে গেছেন। বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নিয়েছে। কিন্তু কবে বিচার হবে, তা নিশ্চিত নয়। এ নিয়ে আমরা ক্ষুব্ধ। জাহানারা ইমামের মতো নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে।’হাসান ইমাম আরও বলেন, ঘাতকদের প্রতীকী বিচার করার জন্য তৎকালীন সরকার জাহানারা ইমামসহ ২৪ জনের নামে রাষ্ট্রদ্রোহী মামলা করে। জাহানারা ইমাম এই অপবাদ নিয়েই মারা যান। তাঁর মরদেহ দেশে আসার পর জনগণের চাপে খালেদা জিয়ার সরকার একজন রাষ্ট্রদ্রোহীকে স্যালুট দেওয়ার জন্য সেনাবাহিনী পাঠান। এটি একটি ইতিহাস।জাহানারা ইমামের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে হাসান ইমাম বলেন, সচ্ছল পরিবারে স্বামী, সন্তান নিয়ে সুখী পরিবারের কর্ত্রী ছিলেন তিনি। কিন্তু মুক্তিযুদ্ধ এই নারীকে আমুল পাল্টে দেয়। নিজের ছেলেকে যুদ্ধে পাঠানো, মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়া, এক জায়গা থেকে অন্য জায়গায় অস্ত্র সরবরাহ করা, যুদ্ধের দিনগুলোর ঘটনাপুঞ্জি লিখে রাখাসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তারপর ঘাতকদের প্রতীকী বিচারে জামায়াতে ইসলামীর আমির গোলাম আযমের ফাঁসির গণরায় ঘোষণা করেন।অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি স্থপতি রবিউল হুসাইন বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিবছর মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য বরেণ্য ব্যক্তিদের স্মরণ করে। সেই ধারাবাহিকতাতেই জাহানারা ইমামকে স্মরণ করা হচ্ছে। তাঁর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়েছে।জাহানারা ইমামের রচনা থেকে পাঠ, তাঁকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি, গানসহ বিভিন্ন আয়োজনে সাংস্কৃতিক কর্মীরা জাহানারা ইমামকে স্মরণ করেন।