জাহানারা ইমামের আজ ২০তম মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহানারা ইমাম
জাহানারা ইমাম

আজ ২৬ জুন বৃহস্পতিবার৷ শহীদ জননী জাহানারা ইমামের ২০তম মৃত্যুবার্ষিকী৷ মুক্তিযুদ্ধে সন্তানহারা বরেণ্য এই লেখক ও সমাজকর্মীর উদ্যোগেই আজ থেকে ২২ বছর আগে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আন্দোলন গড়ে ওঠে৷
১৯৯২ সালের ১৯ জানুয়ারি তিনি মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী, ছাত্র-নারী-মুক্তিযোদ্ধা সংগঠনের সমন্বয়ে গঠন করেন ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি।’
এই কমিটির উদ্যোগে ১৯৯২ সালের ২৬ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গণ-আদালতে গোলাম আযমের প্রতীকী বিচার হয়৷
মাত্র আড়াই বছর নির্মূল কমিটির নেতৃত্বে ছিলেন জাহানারা ইমাম৷ দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে ১৯৯৪ সালের ২৬ জুন তিনি মারা যান৷
জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালনের জন্য একাধিক কর্মসূচি নিয়েছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন৷ সকাল আটটায় মিরপুরে শহীদ জননীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি৷ বেলা তিনটায় ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে সংগঠনটি জাহানারা ইমাম স্মারক বক্তৃতার আয়োজন করেছে৷ ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা এবং মুক্তিযুদ্ধের চেতনা’ শীর্ষক স্মারক বক্তৃতা দেবেন শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল৷
এ ছাড়া ওই অনুষ্ঠানে জাহানারা ইমাম স্মৃতিপদক দেওয়া হবে৷ এ ছাড়া সমাজ চিন্তা ফোরাম বিকেল চারটায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে৷