জাহানারা ইমামের আন্দোলন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদজননী জাহানারা ইমামের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গতকাল এক আলোচনা সভার আয়োজন করে। রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী l ছবি: প্রথম আলো
শহীদজননী জাহানারা ইমামের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গতকাল এক আলোচনা সভার আয়োজন করে। রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী l ছবি: প্রথম আলো

রাজধানীতে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, ২৫ বছর আগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শহীদজননী জাহানারা ইমামের শুরু করা আন্দোলন এখন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন। ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলের বাড়াবাড়ি দেখা যাচ্ছে, কিছু ক্ষেত্রে সরকারও তাদের প্রতি নমনীয়।
শহীদজননী জাহানারা ইমামের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ‘শহীদজননী জাহানারা ইমামের আন্দোলনের ২৫ বছর’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সভাটির আয়োজন করে।
আলোচনা সভার প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ২৫ বছর আগে জাহানারা ইমামের যুদ্ধাপরাধীদের বিচারের দাবি বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সব সময় যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছেন। খালেদা জিয়া ও বিএনপি থাকলে এ দেশ থেকে জঙ্গিবাদ দূর হবে না। তিনি ‘বিএনপি জঙ্গি উৎপাদনের কারখানা’ বলেও মন্তব্য করেন। সভাপতির বক্তব্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা সাংবাদিক কামাল লোহানী বলেন, ‘কষ্ট লাগে যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কওমি মাদ্রাসার এরা জঙ্গি না। ৫ মে তারা যে অবস্থা সৃষ্টি করেছিল, তা আমরা জানি। কথা যখন বলা হয়, তখন একটু ভেবেচিন্তে বললে সাধারণ মানুষের কাছে বার্তাটা ঠিকমতো পৌঁছে।’
বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘যাঁরা রাজনীতি করেন তাঁদের নানা ধরনের সখ্য থাকে। একসময় আহমদ শফীরা এসেছিলেন শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে। এখন সেই হেফাজতিরা কবুতরের মতো গণভবনে গিয়ে শেখ হাসিনার হাত থেকে গম ঠুকরে ঠুকরে খাচ্ছেন।’
জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান বলেন, এখন জঙ্গিবাদ বিভিন্ন নামে সমাজে বিচরণ করছে। ষড়যন্ত্র করছে, লড়াই করে চলেছে। এটি একটি নতুন প্রবণতা, আগে এমন ছিল না।
সভার সূচনা বক্তব্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, সরকার কৌশলগতভাবে হয়তো হেফাজতকে আন্দোলনের মাঠ থেকে সরিয়ে আনতে চাচ্ছে। কিন্তু হেফাজত তাদের ১৩ দফা দাবি থেকে সরে আসছে না। তাদের দাবি ঢাকা শহরে কোনো ভাস্কর্য থাকতে পারবে না। একের পর এক তাদের দাবি মানলে দেশ কোথায় যাবে, মুক্তিযুদ্ধের চেতনা কোথায় যাবে। তিনি বলেন, রাজনীতি করতে গেলে কৌশল নিতে হয়। কিন্তু কৌশল যখন প্রতিপক্ষের হাতকে শক্তিশালী করে, বাংলাদেশের অস্তিত্বকে বিপন্ন করে, তখন সেটি কৌশল থাকে না। ২৫ বছরের আন্দোলনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় এখন।