জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ, স্মৃতিপদক দেবে ঘাতক দালাল নির্মূল কমিটি
শহীদজননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ ২৬ জুন। ক্যানসারে আক্রান্ত হয়ে ১৯৯৪ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে নব্বইয়ের দশকে তিনি দেশব্যাপী প্রবল গণআন্দোলন গড়ে তোলেন। এ ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা পুনরায় প্রতিষ্ঠা ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে জনমত গঠনের ক্ষেত্রেও তিনি বিরাট ভূমিকা রাখেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি শহীদজননীর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিকেল চারটায় ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে জাহানারা ইমাম স্মৃতিপদক, স্মারক বক্তৃতা ও আলোচনা সভার আয়োজন করেছে।সংগঠন সূত্র জানায়, এ বছর অধ্যাপক আনিসুজ্জামানকে ব্যক্তি পর্যায়ে এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতিকে সংগঠন পর্যায়ে জাহানারা ইমাম স্মৃতি পদক দেওয়া হবে। আলোচনায় প্রধান অতিথি থাকবেন আইনমন্ত্রী শফিক আহমেদ। নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।এবার স্মারক বক্তৃতায় ‘বাংলাদেশে মৌলবাদের রাজনৈতিক-অর্থনীতি’ বিষয়ের ওপর বক্তব্য দেবেন অর্থনীতিবিদ আবুল বারকাত।শহীদজননীর মৃত্যুবার্ষিকীতে বিশেষ বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মূল্যবোধ পুনর্জাগরণ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জনমত গঠনে শহীদজননী জাহানারা ইমামের ভূমিকা ছিল অপরিসীম।