জাহানারা গার্ডেন থেকে মেস তুলে দিতে চান এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিন রোডের জাহানারা গার্ডেন এলাকায় কোনো মেস বা হোস্টেল ভাড়া না দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন বেশির ভাগ বাড়ির মালিক। এ জন্য সোসাইটির পক্ষ থেকে জরুরি বিজ্ঞপ্তিও টাঙিয়ে দেওয়া হয়েছে। তবে মেস বা হোস্টেলের কার্যক্রম বন্ধ করা আদৌ উচিত কি না, তা নিয়ে বাসিন্দাদের কেউ কেউ ভিন্নমত দিয়েছেন।
জানা গেছে, রাজধানীর গ্রিন রোডের গ্রিন সুপার মার্কেটের ঠিক পেছনের আবাসিক এলাকা জাহানারা গার্ডেন। ৪৩টি হোল্ডিংয়ে ৩৬২ পরিবারের বাস সেখানে। ১৯৭৮ সাল থেকে ওয়েলফেয়ার সোসাইটি গড়ে ওঠে। তবে এটি এখনো নিবন্ধিত নয়। সোসাইটি নিজস্ব তহবিল দিয়ে আবাসিক এলাকার ভেতরে ক্লোজড সার্কিট ক্যামেরা বসিয়েছে। নিরাপত্তার জন্য আছে পৃথক ফটকও। এ ছাড়া অন্যান্য ব্যবস্থাপনাও চলে নিজেদের উদ্যোগে। আবাসিক এলাকার কয়েকটি বাড়ি মেস ও হোস্টেল হিসেবে ভাড়া দেওয়া আছে। সেখানে পরিবার ছাড়া মানুষ বসবাস করে।
জাহানারা গার্ডেন্স ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি কাজী নুরুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা চাচ্ছি না এলাকায় মেস বা হোস্টেল থাকুক। কিন্তু বাড়ির মালিকেরা বেশি ভাড়া পাওয়ার আশায় মেস হিসিবে বাড়ি ভাড়া দেন।’ বাড়ির মালিক যদি নিজে ইচ্ছা করে মেস হিসেবে বাড়ি ভাড়া দেন, তাহলে সমস্যা কী জানতে চাইলে কাজী নুরুল হক বলেন, ‘সমাজ বলে তো একটি কথা আছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা একধরনের দায়বদ্ধতা। অন্য এলাকার কে কী করবে, তা তো আমরা বলতে পারব না। আমরা চাই আমাদের এলাকা ভালো থাকুক।’
মেস তুলে দেওয়ার জন্য এলাকাবাসী যে বিজ্ঞপ্তি দিয়েছে, তাতে লেখা আছে, ‘গত বছরের ১২ জুন এলাকার দুটি মেসের ছাত্রদের মধ্যে সংঘর্ষ লাগে। সন্ত্রাসী হামলা এবং বহিরাগতদের অনুপ্রবেশে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দেয়। তখন এলাকাবাসীর মধ্যে জনমত যাচাই করা হলে ৯৮ ভাগই এলাকায় হোস্টেল/মেস না থাকার পক্ষে মত দেন। বছরটির ২৪ জুন ওয়েলফেয়ার সোসাইটির জরুরি বৈঠকে ৩১ অক্টোবরের মধ্যে কার্যক্রম বন্ধের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়। এর মধ্যে কিছু মালিক কার্যক্রম বন্ধ করলেও কিছু মালিক ও ভাড়াটিয়া এতে সহযোগিতা করছে না। জাহানারা গার্ডেনের ঐতিহ্য ও সুনাম সমুন্নত রাখার জন্যও বিজ্ঞপ্তিতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।’
গত ২৬ নভেম্বর বিজ্ঞপ্তির বিষয়টি শেরেবাংলা নগর থানাকেও জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।