জাহালম ও রাসেলের ক্ষতিপূরণ বিষয়ে রায় ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

নিরীহ পাটকলশ্রমিক জাহালম ও বাসের চাপায় পা হারানো রাসেল সরকারের ক্ষেত্রে ক্ষতিপূরণ বিষয়ে রুল ও রিটের ওপর হাইকোর্টে রায় হতে যাচ্ছে। এ জন্য বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ বসছেন। ওই ২ মামলাসহ ৫টি মামলার রায় প্রদানের জন্য ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর—এ ৩ দিন দ্বৈত বেঞ্চটি সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে মাঝে বিরতি দিয়ে বিকেল সোয়া ৪টা পর্যন্ত বসবেন।

আজ বুধবার হাইকোর্টের দৈনন্দিন কার্যতালিকা সূত্রে এ তথ্য জানা গেছে।
কার্যতালিকা অনুসারে, জাহালমের কারাভোগ ও ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের ইতিপূর্বে দেওয়া স্বতঃপ্রণোদিত রুল রায় প্রদানের জন্য কার্যতালিকার ১ নম্বর ক্রমিকে রয়েছে। রাসেল সরকারের ক্ষেত্রে ক্ষতিপূরণ নিয়ে করা রিটটির রায় প্রদানের জন্য ৫ নম্বর ক্রমিকে রয়েছে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ক্রমিকে পৃথক তিনটি রিট রায় প্রদানের জন্য কার্যতালিকায় রয়েছে। ওই ৩ দিন বেঞ্চটি সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে মাঝে বিরতি দিয়ে বিকেল সোয়া ৪টা পর্যন্ত বসবেন।

“৩৩ মামলায় ‘ভুল’ আসামি জেলে: ‘স্যার, আমি জাহালম, সালেক না…” শিরোনামে গত বছরের ২৮ জানুয়ারি প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি নজরে আনা হলে হাইকোর্টের ওই বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন। রুলে সোনালী ব্যাংকের ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে দুদকের করা ৩৩ মামলায় ৩ বছর ধরে কারাগারে থাকা নিষ্পাপ জাহালমকে মুক্তি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নিষ্ক্রিয়তা বিষয়ে জানতে চাওয়া হয়। জাহালমকে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা–ও রুলে জানতে চাওয়া হয়। আদালতের নির্দেশে গত বছরের ৩ ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্তি পান জাহালম। হাইকোর্টের ওই বেঞ্চে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি রুলের ওপর শুনানি শেষ হয়।

এর আগে ২০১৮ সালের ২৮ এপ্রিল মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের একটি বাস চাপা দেয় রাসেলকে, যাতে তিনি পা হারান। রাসেলের পা হারানোর ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম রিট করেন। একই বছরের ১৪ মে হাইকোর্টের একই বেঞ্চ রুল দেন। রুলে রাসেলকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। এর ধারাবাহিকতায় গত ৫ মার্চ ক্ষতিপূরণ প্রশ্নে রুলের শুনানি শেষ হয়। সেদিন আদালত ১৫ এপ্রিল রায়ের জন্য দিন রাখেন।

তবে করোনাভাইরাসের সংক্রমণে উদ্ভূত পরিস্থিতিতে সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে আদালতে ছুটি চলে। ফলে ধার্য তারিখ ১৫ এপ্রিলে রায় হয়নি। গত ১২ মে থেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে আদালতে বিচারকাজ শুরু হয়। প্রায় দুই মাস হাইকোর্টের কয়েকটি বেঞ্চে ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচারকাজ চলে, যার মধ্যে ওই দ্বৈত বেঞ্চ ছিলেন না। পরে গত ১০ আগস্ট প্রধান বিচারপতি হাইকোর্টে বিচারকাজ পরিচালনার জন্য পৃথক বেঞ্চ গঠন করে দেন, যা ১২ আগস্ট থেকে কার্যক্রম শুরু করে। বেঞ্চ পুনর্গঠনসংক্রান্ত বিজ্ঞপ্তিতে দেখা যায়, হাইকোর্টের ওই দ্বৈত বেঞ্চটি পুনর্গঠন করা হয়। বেঞ্চের বিচারিক এখতিয়ারও পরিবর্তন হয়। ফলে জাহালমের বিষয়ে স্বতঃপ্রণোদিত রুলের শুনানি শেষে হলেও রায় হয়নি। পরে প্রধান বিচারপতি দ্বৈত দ্বেঞ্চটি তিন দিনের জন্য গঠন করে দেন। এর ধারাবাহিকতায় বিষয়গুলো রায় প্রদানের জন্য কার্যতালিকায় ওঠে।