জাহিদ চৌধুরীসহ দুই আ.লীগ নেতার স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেয়ারম্যানকে গুলি করে পুড়িয়ে হত্যা
চেয়ারম্যানকে গুলি করে পুড়িয়ে হত্যা

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হককে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন স্থানীয় দুই আওয়ামী লীগ নেতা জাহিদ চৌধুরী ও আবদুল্লাহিল মাহমুদ (শিবলু)। গতকাল বৃহস্পতিবার দুপুরে শিবলু এবং রাতে জাহিদ চৌধুরী ফেনীর বিচারিক হাকিম মোহাম্মদ খাইরুল আমীনের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আওয়ামী লীগ নেতা একরাম হত্যায় কোনো না-কোনোভাবে জড়িত থাকার কথা স্বীকার করে গত কয়েক দিনে আরও ১১ জন আদালতে জবানবন্দি দেন।
জাহিদ চৌধুরী ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। আর, শিবলু ফেনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর। এই দুজনকে একরাম হত্যার পরিকল্পনাকারী সন্দেহে পুলিশ গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছিল। এর মধ্যে জাহিদ চৌধুরী এই হত্যা পরিকল্পনা বাস্তবায়নে মাঠপর্যায়ে তদারকি করেন এবং ঘাতকদের অস্ত্র সরবরাহ করেন বলে এর আগে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া অন্তত নয়জন জানিয়েছেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, জবানবন্দিতে কাউন্সিলর শিবলু বলেছেন, একরামকে হত্যার আগের রাতে জাহিদ চৌধুরীর সঙ্গে শহরের মিজান রোডের সালাম কমিউনিটি সেন্টারে তিনিসহ আরও কয়েকজন বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, পরদিন ২০ মে সকালে একাডেমি এলাকায় একরামের গাড়ির ওপর হামলা করা হবে এবং একরামের জামাকাপড় ছিঁড়ে অপদস্ত করে দেওয়া হবে।
জবানবন্দিতে শিবলু দাবি করেন, গত ২০ মে বেলা ১১টার দিকে হামলার ঘটনার সময় তিনি একাডেমি এলাকায় নিজ বাসায় ছিলেন। ঘটনার পরপর তাঁর বাসায় গিয়ে জাহিদ চৌধুরী একরামের খুনের খবর দেন। শিবলু দাবি করেন, এ খবর শোনার পর তিনি জাহিদ চৌধুরীকে বলেন, মেরে ফেলাটা ঠিক হয়নি।
গত ২০ মে ফেনীর একাডেমি সড়কে একমারকে কুপিয়ে, গুলি করে ও পরে গাড়িসহ পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালম আজাদ জানান, একরাম হত্যার ঘটনায় বিএনপির নেতা মিনার চৌধুরী, আওয়ামী লীগ নেতা জাহিদ চৌধুরী ও শিবলু কাউন্সিলারসহ ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আট দিনের রিমান্ড শেষে বিএনপি নেতা মিনার চৌধুরীকে গত বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আরও সাতজন আসামি এখনো রিমান্ডে আছেন। মিনার চৌধুরী ছাড়া গ্রেপ্তার হওয়া আসামিদের প্রায় সবাই আওয়ামী লীগ, যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।