জাহিদ হোসেনের বিরুদ্ধে অভিযোগের শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সহসভাপতি পলাতক জাহিদ হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে শুনানি শুরু করেছে রাষ্ট্রপক্ষ। ১৭ সেপ্টেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জাহিদ হোসেনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
জাহিদের বিরুদ্ধে আনা ১১টি অভিযোগ উপস্থাপন করে মোকলেছুর রহমান বলেন, তদন্তে জাহিদ হোসেনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা, হত্যা, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধে পাকিস্তানি সেনাদের সহযোগিতার এসব অভিযোগ পাওয়া গেছে। জাহিদ নিজেকে রাজাকার পরিচয় দিতে গর্ববোধ করেন। তিনি এলাকায় ‘খোকন রাজাকার’ নামে বেশি পরিচিত।
ট্রাইব্যুনাল গত ১৪ আগস্ট জাহিদকে পলাতক ঘোষণা করে তাঁর অনুপস্থিতিতে মামলার বিচারিক কার্যক্রম শুরুর নির্দেশ দেন।