জাহিদ হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা জাহিদ হোসেন ওরফে খোকনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। ৩০ জুলাই এ মামলার অভিযোগের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।

আদেশ হওয়ার পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান সাংবাদিকদের বলেন, নগরকান্দা পৌর বিএনপির সহসভাপতি জাহিদ হোসেনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুণ্ঠন, ধর্মান্তর করাসহ মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, ‘জাহিদ হোসেন একজন স্বঘোষিত রাজাকার। তিনি (জাহিদ) বলেছেন “আমি রাজাকার ছিলাম, আছি, রাজাকার হিসেবেই মারা যেতে চাই।”’

গত ২৩ জুন রাষ্ট্রপক্ষ জাহিদ হোসেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। রাষ্ট্রপক্ষ জানায়, ২০১১ সালে তিনি নগরকান্দার পৌর মেয়র নির্বাচিত হন। কিন্তু মেয়র হিসেবে শপথ নেওয়ার পর থেকে তিনি পলাতক।