ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা পলাতক জাহিদ হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার রাষ্ট্রপক্ষের দুজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তাঁরা হলেন দশম সাক্ষী রবীন্দ্রনাথ দত্ত (৬২) ও ১১তম সাক্ষী জগন্নাথ দত্ত (৫৯)।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই দুই সাক্ষীর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান। সাক্ষীরা জবানবন্দিতে জাহিদ হোসেনকে ‘খোকন রাজাকার’ বলে আখ্যায়িত করেন।
জবানবন্দিতে রবীন্দ্রনাথ ও জগন্নাথ দত্ত বলেন, তাঁদের বাড়ি নগরকান্দা উপজেলার চাঁদহাট গ্রামে। একাত্তরের ২৭ মে সকালে খোকন রাজাকার ও তাঁর বড় ভাই জাফর রাজাকার অন্য রাজাকারদের নিয়ে চাঁদহাট গ্রামে হামলা করেন। তাঁরা হিন্দুদের বাড়িতে ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগ করেন। খোকন রাজাকার দুই হিন্দু নারীকে ধর্ষণ করেন। পরে ওই দুই নারীর মুখেও তাঁরা ওই ঘটনা শোনেন।
জবানবন্দিতে দুই সাক্ষী বলেন, একাত্তরের ২৯ মে চাঁদহাটে রাজাকার ও পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের যুদ্ধে জাফর রাজাকার নিহত হন। ৩০ মে খোকন রাজাকারের নেতৃত্বে পাকিস্তানি সেনারা কোদালিয়া গ্রাম আক্রমণ করে গ্রামবাসীকে হত্যা করে।
জবানবন্দি শেষে দুই সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান। এ মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।