ফরিদপুরের নগরকান্দা পৌর-সভার মেয়র ও বিএনপি নেতা পলাতক এম এ জাহিদ হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় অপেক্ষমাণ রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। যেকোনো দিন এ মামলার রায় ঘোষণা করা হবে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল বৃহস্পতিবার এ মামলার কার্যক্রম শেষে রায় অপেক্ষমাণ রাখা হয়। এ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মামলাটিও কার্যক্রম শেষে রায়ের অপেক্ষায় রয়েছে।
জাহিদ হোসেনের বিরুদ্ধে মামলায় গতকাল চূড়ান্ত যুক্তি উপস্থাপনকালে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান বলেন, একাধিক অভিযোগে সাক্ষীরা বলেছেন, অপরাধ সংঘটনের সময় জাহিদ হোসেনের সঙ্গে অন্য রাজাকাররাও সম্পৃক্ত ছিল। কিন্তু এখানে শুধু জাহিদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, অন্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি। তিনি বলেন, মামলার তদন্তে ও আসামি করার ক্ষেত্রে ত্রুটি রয়েছে।
গণহত্যার অভিযোগের প্রসঙ্গে ট্রাইব্যুনাল যুক্তি দিতে বললে আবদুস শুকুর বলেন, আসামিপক্ষের প্রধান যুক্তি হচ্ছে, এম এ জাহিদ হোসেন এবং খোকন রাজাকার এক ব্যক্তি নন। সাক্ষীরা তাঁদের বক্তব্যে আসামিকে ‘খোকন রাজাকার’ নামে উল্লেখ করেছেন। এ জন্য তিনি অভিযোগের বিষয়ে আর কোনো যুক্তি দিতে চান না।
এর আগে যুক্তিতে রাষ্ট্রপক্ষ বলেছে, একাত্তরে নগরকান্দায় ‘খোকন রাজাকার’ নামে জাহিদ হোসেন বেশি পরিচিত ছিলেন।
সমাপনী বক্তব্যে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান দাবি করেন, জাহিদ হোসেনের বিরুদ্ধে গঠিত সব অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। এ জন্য তিনি জাহিদ হোসেনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন।
পরে ট্রাইব্যুনাল এ মামলার কার্যক্রম শেষ ঘোষণা করে রায় অপেক্ষমাণ (সিএভি—কেস অ্যায়োটিং ভারডিক্ট) রাখেন।
এ নিয়ে আসামির অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধের তৃতীয় মামলার কার্যক্রম শেষ হলো। প্রথমটি হলো জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের বিরুদ্ধে মামলা। ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ তাঁর বাড়িতে যাওয়ার আগেই তিনি পালিয়ে যান। তাঁকে পলাতক ঘোষণা করে তাঁর অনুপস্থিতিতেই বিচার হয়, গত বছরের ২১ জানুয়ারি ট্রাইব্যুনাল-২ তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেন। অপর মামলায় পলাতক দুই আলবদর নেতা চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানকে বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে নিধনের দায়ে গত বছরের ৩ নভেম্বর মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এ দুজন মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরপরই বিদেশে পালিয়ে যান। মুঈনুদ্দীন যুক্তরাজ্যে ও আশরাফুজ্জামান যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বলে সূত্র জানায়।
মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা জানায়, নগরকান্দা পৌরসভার মেয়র পদে শপথ নেওয়ার পরপরই জাহিদ হোসেন দেশ ছেড়ে পালান। সর্বশেষ তথ্যমতে, তিনি বর্তমানে সুইডেনে আছেন।
১১ অভিযোগ: গত বছরের ৯ অক্টোবর জাহিদ হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল-১। অভিযোগ গঠনের আদেশে বলা হয়, জাহিদ হোসেন ওরফে খোকন রাজাকার একাত্তরের ২১ এপ্রিল থেকে ৩০ জুলাই পর্যন্ত নগরকান্দায় পাকিস্তানি সেনাদের সহযোগী হিসেবে হত্যা, ধর্ষণ, ধর্মান্তরিত করা, দেশান্তরে বাধ্য করা, অগ্নিসংযোগ প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। একাত্তরে ১৬ জন নারী-শিশুসহ ৫০ জন নিরস্ত্র গ্রামবাসীকে গুলি করে হত্যার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ঘরে আগুন দিয়ে তিনজনকে পুড়িয়ে হত্যা, দুজনকে ধর্ষণ, ১৭ জনকে আটক রেখে নির্যাতন, নয়জনকে ধর্মান্তরে বাধ্য করা, ১০টি গ্রামের দুটি মন্দিরসহ অসংখ্য বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, সন্তানসহ সাতজনকে দেশত্যাগে বাধ্য করা প্রভৃতি।
২০১৩ সালের ১৪ আগস্ট জাহিদকে পলাতক ঘোষণা করে তাঁর অনুপস্থিতিতেই মামলার কার্যক্রম শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তাঁর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস শুকুর খানকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। এর আগে তাঁকে ১০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়ে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে তিনি হাজির হননি।
২১ নভেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ২৪ জন। আসামিপক্ষে কোনো সাক্ষী হাজির করতে পারেননি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। যুক্তি উপস্থাপন শুরু হয় গত রোববার।