জাহিদ হোসেনের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা পলাতক জাহিদ হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষ দ্বিতীয় দিনে যুক্তি উপস্থাপন করে।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল যুক্তি দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান। তিনি জাহিদ হোসেনের বিরুদ্ধে আরও চারটি (ছয় থেকে নয় নম্বর অভিযোগ) অভিযোগের বিষয়ে যুক্তি দেন। এর আগে তিনি প্রথম পাঁচ অভিযোগের বিষয়ে যুক্তি দিয়েছিলেন। যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপক্ষ জানায়, রাষ্ট্রপক্ষের যুক্তি শেষ হলে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান যুক্তি দেবেন। দুই পক্ষের যুক্তি শেষে ট্রাইব্যুনাল রায়ের দিন ধার্য করবেন।
ট্রাইব্যুনালে আসামির অনুপস্থিতিতে এ নিয়ে তৃতীয় মামলার বিচার হচ্ছে। এর আগে এক মামলায় ট্রাইব্যুনাল-২ জামায়াতের সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে একই ট্রাইব্যুনাল অপর মামলায় বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যার দায়ে আলবদর নেতা চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানকে মৃত্যুদণ্ডাদেশ দেন।